ছাত্রশিবিরের কর্মী সন্দেহে দুই শিক্ষার্থী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের কর্মী সন্দেহে দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে থেকে তাঁদের আটক করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করে নির্মিত ইনোসেন্স অব মুসলিমস চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ছাত্রলীগের কর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে কয়েকজনকে শিবির সন্দেহে মারধর করেন। পরে তাঁরা কয়েকজন শিক্ষার্থীকে প্রক্টরের অফিসে নিয়ে যান।ওই ছাত্রদের মুঠোফোনের নম্বর ও টাকা রাখার ব্যাগ পরীক্ষা করে দুজন ছাত্রশিবিরের কর্মী বলে পরিচয় পাওয়া যায়। তাঁরা হলেন: বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী কামরুল ইসলাম ও রমজান আলী। তাঁদের কোতোয়ালি থানার পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আকন্দ বলেন, ওই শিক্ষার্থীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগান দেওয়ায় তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা সাংবাদিকদের বলেন, ছাত্রশিবিরের পরিচয় পাওয়ার পর তাঁদের কোতোয়ালি থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, বিক্ষোভকারীরা ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে মর্মে সন্দেহ হওয়ায় তাঁদের আটক করা হয়েছে।