ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বী ছাত্রাবাসে গতকাল বৃহস্পতিবার বিকেলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আটজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে ফজলে রাব্বী আবাসিক হোস্টেলের ক্যান্টিনে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়। সংঘর্ষে উভয় পক্ষ লাঠিসোটা ও ইট ব্যবহার করে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। তাঁদের মধ্যে মারজুক হোসেন, প্রীতম দে ও রফিকুজ্জামানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অন্য ব্যক্তিদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। সংঘর্ষ নিয়ে আহত ব্যক্তিরা সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন না বলে জানান। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান প্রথম আলোকে জানান, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিষয়টি সুরাহার জন্য রাতে ছাত্রলীগের দুই গ্রুপের সঙ্গে হোস্টেলের প্রভোস্ট জুলফিকার মামুন বৈঠকে বসেছেন।