ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের তিন ছাত্রকে পিটিয়েছেন জহুরুল হক হলের ছাত্রলীগের কর্মীরা। গত বুধবার রাত সাড়ে ১০টায় এফ রহমান হলের সামনে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘটনায় ছাত্রলীগের এক কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে। আহত ব্যক্তিরা হলেন: আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আলমগীর হোসেন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের ছাত্র আকবর হুসাইন এবং ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মিনার। তাঁদের মধ্যে আলমগীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার বর্ণনা দিয়ে আহত আকবর হুসাইন প্রথম আলোকে বলেন, ‘বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এফ রহমান হলের সামনে দিয়ে তিন তরুণী হেঁটে যাচ্ছিলেন। এ সময় জহুরুল হক হলের তানজীল ভূঁইয়া তানভীরসহ চার ছাত্রলীগের কর্মী তাঁদের পথরোধ করে উত্ত্যক্ত শুরু করেন। এ সময় পাশেই আড্ডারত এফ রহমান হলের শিক্ষার্থী আলমগীর এর প্রতিবাদ করেন। এ ঘটনায় তানভীরের নেতৃত্বে বাকিরা আলমগীরকে মারধর শুরু করেন। এ সময় আলমগীরকে রক্ষায় এগিয়ে আসায় আরও দুজনকে মারধর করেন তাঁরা। একপর্যায়ে তানভীর উপস্থিত শিক্ষার্থীদের গুলি করারও হুমকি দেন। আকবর জানান, ঘটনার পর ছাত্রলীগের কর্মীরা আলমগীরকে জহুরুল হক হলের ভেতরে নিয়ে আরেক দফা মারধর করেন। কিছুক্ষণ পর আহত আলমগীরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এফ রহমান হলের ছাত্ররা।এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে দুই হলের ছাত্রদের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তানভীর ছাত্রলীগের জহুরুল হক হল শাখার আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক। তিনি ওই হলের সভাপতি রিয়াজউদ্দীন চৌধুরীর অনুসারী। ঘটনার ব্যাপারে জানতে চাইলে জহুরুল হক হলের সভাপতি রিয়াজউদ্দীন চৌধুরী বলেন, তানভীর জহুরুল হক হলের ছাত্রলীগের কর্মী। তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে হল শাখা থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, নারী উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। ওই ঘটনায় বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তানজীল ভূঁইয়া তানভীরকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন বহিষ্কার করা হবে না—জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে। প্রক্টর আরও বলেন, ‘তানভীরের বিরুদ্ধে ক্যাম্পাসের বাইরে ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। এ ছাড়া তিনি আমাকে মুঠোফোনে হত্যার হুমকিও দিয়েছিলেন। এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরিও রয়েছে। হত্যার উদ্দেশ্যে ছাত্রকে মারধর ও আমাকে হত্যার হুমকি দেওয়ায় শাহবাগ থানায় একটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছি। এ ছাড়া এফ রহমান হলের ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্র তপু রায়হানের বিরুদ্ধেও শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হবে।’