ছাত্রী ঝরে পড়া বন্ধ না হলে এমডিজি অর্জন সম্ভব নয়
মেয়ে শিক্ষার্থীদের ঝরে পড়া বন্ধ করা না গেলে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে অর্থবহ ফল পাওয়া যাবে না। পাশাপাশি পরিবার থেকে শুরু করে সর্বক্ষেত্রে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। উত্তরাধিকার আইনে সমান অধিকার নিশ্চিত করতে হবে।গতকাল সোমবার এমডিজি অর্জন নিয়ে আয়োজিত এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। ‘এমডিজি অর্জন পর্যালোচনা ২০১০’ শীর্ষ বৈঠক সামনে রেখে তিন দিনব্যাপী প্রচারাভিযানের অংশ হিসেবে বাংলাদেশ নারী প্রগতি সংঘ সিরডাপ মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করে।‘নারীর জন্য এমডিজি অর্জন: বর্তমান অবস্থা ও করণীয়’ শীর্ষক ওই সেমিনারে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। তিনি বলেন, ‘নারীদের জন্য এমডিজি অর্জনে আমরা অনেক দিক থেকে পিছিয়ে আছি। তবে আমরা সঠিক পথেই এগোচ্ছি।’ উন্নত দেশগুলো এ ক্ষেত্রে প্রতিশ্রুত সহায়তা দিচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। দেশে নারীর ক্ষমতায়নে কাজ চলছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সরকার সংসদের সংরক্ষিত মহিলা আসন বাড়িয়ে সরাসরি নির্বাচন দেওয়ার চিন্তাভাবনা করছে।সেমিনারে অন্য আলোচকেরা বলেন, উচ্চশিক্ষা ছাড়া ছেলেমেয়েদের বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বাংলাদেশ নিঃসন্দেহে সমতা অর্জন করেছে। কিন্তু ছেলেদের চেয়ে মেয়েদের ঝরে পড়ার হার দ্বিগুণ। এটা বন্ধ করা না গেলে সর্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন ও নারী-পুরুষ এবং নারীর ক্ষমতায়ন অর্জন করা সম্ভব হবে না। এখন কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ১৯৯৫ সালের দ্বিগুণ হয়েছে। তার পরও তা অনেক কম, মাত্র ২৬ শতাংশ।মাতৃমৃত্যুর উচ্চহার এমডিজির লক্ষ্য অর্জনে বড় প্রতিবন্ধকতা বলেও উল্লেখ করেন আলোচকেরা। জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ). বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু), বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) উদ্ধৃত করে আলোচকেরা বলেন, বাংলাদেশে এখনো দক্ষ ধাত্রীর মাধ্যমে মাত্র ১৮ শতাংশ জন্মদানের ঘটনা ঘটে, ৮০ শতাংশ মৃত্যু ঘটে ঘরে সন্তান জন্মদানের সময় এবং ৬৯ শতাংশ নারী কোনো প্রসূতিকালীন সেবা পান না। মাতৃমৃত্যু কমিয়ে আনতে এ খাতে পর্যাপ্ত বাজেট রাখতে হবে বলে বক্তারা উল্লেখ করেন।কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণের হার আরও বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়। তাঁরা বলেন, ১৯৯৫ সাল থেকে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বেড়ে দ্বিগুণ হলেও তা এখনো অনেক কম, মাত্র ২৬ শতাংশ। তৈরি পোশাকশিল্প নারীদের কর্মসংস্থানের বড় ক্ষেত্র হলেও তাঁরা এখানে স্বীকৃত মজুরির চেয়েও কম বেতন পান।উত্তরাধিকার আইনকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে তাঁরা বলেন, এটি নারীর সার্বিক অবস্থানকে প্রভাবিত করে। এ আইনে সমতা নিশ্চিত করা ছাড়া নারীর উন্নয়ন সম্ভব নয়।অনুষ্ঠান সঞ্চালনা করেন নারী প্রগতি সংঘের পরিচালক রোকেয়া কবীর। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সিনিয়র রিসার্চ ফেলো প্রতিমা পাল মজুমদার, ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক পরিচালক কে এম মোর্শেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামলা আক্তার প্রমুখ আলোচনায় অংশ নেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নারী প্রগতি সংঘের সমন্বয়কারী ফয়সাল বিন মজিদ।