ছাত্রীকে উত্ত্যক্ত করায় ক্যাবচালকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জুয়েল (২২) নামে এক টেক্সিক্যাবের চালককে কারাদণ্ড দিয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভ্রাম্যমাণ আদালত বাড্ডার পূর্ব ভাটারা এলাকায় অভিযান পরিচালনা করেন। ভাটারা সোলমাইদ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে স্থানীয় লোকজন ক্যাবচালক জুয়েলকে ধরে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতকে অবহিত করা হয়। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে যান। সেখানে উপস্থিত লোকজনের সাক্ষী নিয়ে ক্যাবচালক জুয়েলকে ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন প্রথম আলোকে বলেন, স্কুলে আসা-যাওয়ার পথে ক্যাবচালক জুয়েল তিন ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করত। গতকাল স্কুল থেকে ফেরার পথে একটি ফাঁকা জায়গায় আসামি দশম শ্রেণীর এক ছাত্রীর ওড়না ধরে টান দেয়। এই ঘটনায় এলাকাবাসী জুয়েলকে আটক করে পুলিশে সোপর্দ করে। অভিযানে সহায়তা করেন বাড্ডা থানার পুলিশ।