ছাত্রীরা থাকছেন গবেষণাগারে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার কক্ষের একটি একতলা ভবন। চারদিকে টিন ও বাঁশের বেড়ার নিরাপত্তা বেষ্টনী। কেন্দ্রীয় গবেষণাগার হিসেবে নির্মিত ওই ভবনেই থাকেন ৯০ জনের বেশি ছাত্রী। ওই ভবনে খাওয়ার ব্যবস্থা, খাট বা চেয়ার-টেবিলও নেই। মেঝেতে থাকতে হয় তাঁদের।জানা যায়, ওই ভবনে থাকেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রীরা। বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রীনিবাস বেগম ফজিলাতুন্নেসা হল এবং এর বর্ধিত ভবনে স্থানসংকুলান না হওয়ায় পাশের এই ভবনে থাকতে হচ্ছে তাঁদের। এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের আবাসন-সংকটের চিত্র এমনই।আবাসন-সংকট নিরসনের দাবিতে ছাত্রীরা ইতিমধ্যে আন্দোলন শুরু করেছেন। গতকাল রোববার ক্লাস বর্জন করে তাঁরা বিক্ষোভ করেন।বেগম ফজিলাতুন্নেসা হলের প্রাধ্যক্ষ নূরজাহান বেগম জানান, বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রীসংখ্যা প্রায় ৭০০। হলের মূল ভবনে ২৫০ জন ছাত্রীর আবাসনের ব্যবস্থা আছে। কিন্তু মূল ভবন, বর্ধিত ভবন ও পাশে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগার ভবন মিলিয়ে থাকছেন প্রায় ৫০০ জন ছাত্রী। মেয়েদের থাকার সমস্যা ভয়াবহ। ছাত্রীনিবাসের বড় ডাইনিং হলকেও গণকক্ষ করতে হয়েছে।কেন্দ্রীয় গবেষণাগারে থাকছেন প্রথম বর্ষের তাসলিম ফারাহ, নার্গিস আক্তার, রওনক ফাতিমাসহ ৯৪ জন ছাত্রী। জানা যায়, চার কক্ষবিশিষ্ট ওই ভবনের বড় দুটি কক্ষে থাকেন ৩৫ জন করে। ছোট দুটি কক্ষে থাকেন ১২ জন করে। কক্ষে খাট, টেবিল-চেয়ার তো দূরের কথা, পা ফেলারও জায়গা নেই। মেঝেতে থাকেন ছাত্রীরা। এখানে কোনো ব্যবস্থা না থাকায় খাওয়া-দাওয়ার জন্য তাঁদের যেতে হয় হলের মূল ভবনে। ওই ভবনে তিনটি গোসলখানা ও চারটি টয়লেট আছে।কয়েকজন ছাত্রী জানান, কিছুদিন আগে মধ্যরাতে ভবনের নিরাপত্তা বেষ্টনী ফাঁক করে এক ছেলে ঢুকে পড়েছিল।হলের প্রাধ্যক্ষও ছাত্রীদের সমস্যার কথা স্বীকার করেন। তিনি জানান, নতুন ছাত্রীনিবাস না হওয়া পর্যন্ত সমস্যার সমাধান সম্ভব নয়। কেন্দ্রীয় গবেষণাগার ভবনে থাকা মেয়েদের নিরাপত্তাজনিত সমস্যা নেই। তাঁদের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক দুজন আনসার সদস্য, বিশ্ববিদ্যালয়ের প্রহরী ও মহিলা অ্যাটেনডেন্ট আছেন।বর্ধিত ভবনে সাপের ভয়: ছাত্রীদের আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে ফজিলাতুন্নেসা হলের মূল ভবনের পূর্ব পাশে একটি টিনশেড ভবনকে বর্ধিত ভবন হিসেবে ব্যবহার করা হয়। ছাত্রীরা জানান, বর্ধিত ভবনে ১৭টি কক্ষের প্রতিটিতে ১০-১২ জন ছাত্রী থাকেন। তাঁদের বড় ভয় সাপের। প্রায়ই ভবনে সাপ ঢুকে পড়ে। বর্ষাকালে এ সমস্যা বেশি হয়।ছাত্রীরা জানান, গত শনিবার রাতে সাপের ভয়ে অনেক ছাত্রীই রাতে ঘুমাতে পারেননি। গাদাগাদির পাশাপাশি এ ধরনের সমস্যা সমাধানের দাবিতে ছাত্রীরা গতকাল থেকে আন্দোলন শুরু করেন। ছাত্রীরা ক্লাস বর্জন করে সকালে ক্যাম্পাসে মিছিল ও মানববন্ধন করেন। তাঁরা কর্মসূচি থেকে এসব সমস্যা সমাধানের দাবি জানান।মূল ভবনে দুটি গণকক্ষ: জানা যায়, ছাত্রীনিবাসের মূল ভবনে আছে দুটি গণকক্ষ। একটিতে থাকেন ৪০ জন, অন্যটিতে ২০ জন। তবে মূল ভবনে লেভেল-২, সেমিস্টার-২ থেকে ছাত্রীরা সিঙ্গেল সিটে থাকেন। মূল ভবনে থাকা এ্যামিলি আক্তার জানান, আগে আবাসনের সমস্যা এত প্রকট ছিল না। এখন ছাত্রী বাড়ছে, কিন্তু সে অনুপাতে আবাসনের ব্যবস্থা হয়নি।ছাত্রীদের আবাসন-সংকটের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শাহ ই আলম বলেন, নতুন ছাত্রীনিবাস নির্মাণ তাঁদের অগ্রাধিকার বিবেচনায় রয়েছে। ১০ তলাবিশিষ্ট এক হাজার সিটের একটি নতুন ছাত্রীনিবাস নির্মাণের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়েছে। সিন্ডিকেট অনুমোদন দিলে কাজ শুরু হবে। প্রাথমিকভাবে ৫০০ সিটের ব্যবস্থা করা হবে।