ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও থানার মেরাদিয়া এলাকার একটি টিনশেডের বাসা থেকে গত রোববার রাতে ইমতিয়াজ আলম (১৭) নামের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ইমতিয়াজ রাজধানীর উত্তরা রাজউক কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিল বলে জানা গেছে।খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) নূরুল ইসলাম প্রথম আলোকে জানান, ইমতিয়াজ মা-বাবার সঙ্গে মেরাদিয়া স্কুলের পাশে একটি টিনশেডের বাসায় থাকত। গত রোববার ওই বাসার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এসআই জানান, গত রোববার রাত ১০টার দিকে ইমতিয়াজ তার কক্ষে ঘুমাতে যায়। রাত ১১টার দিকে বাসার অন্যান্য সদস্য ওই কক্ষে ঢুকে দেখে, সে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে পুলিশে খবর দেওয়া হয়।এসআই আরও জানান, প্রাথমিক তদন্তে একে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে এ ব্যাপারে ইমতিয়াজের পরিবারের কেউ কিছু বলছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তার বাবা মাহবুবুল আলম বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।ইমতিয়াজের বাবা বলেন, তিনি রাঙামাটিতে আনসার ভিডিপিতে হিসাবরক্ষক হিসেবে আছেন। ছেলের মৃত্যুর খবর শুনে গত রোববার রাতে বাসায় আসেন। ছেলের মৃত্যুর কারণ সম্পর্কে তিনি কিছু জানেন না বলে জানান।ইমতিয়াজের গ্রামের বাড়ি জামালপুর সদরের জামতলীতে। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।