ছাদ থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে দুজন সহোদর। গত মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণাধীন ভবনটিতে দুর্ঘটনাজনিত পতন ঠেকাতে কোনো নিরাপত্তামূলক মাচা ছিল না।নিহতেরা হলেন ফোরম্যান নূর আলম (২৪) এবং দুই ভাই শ্রমিক নুরুজ্জামান (২৬) ও নূর ইসলাম (২২)।বসুন্ধরা আবাসিক এলাকার ‘এ’ ব্লকের ২৮৩ নম্বর প্লটে আটতলা একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী শ্রমিকেরা জানান, সকালে আটতলার ছাদের কিনারায় বসে নিহত তিনজনসহ চার শ্রমিক নিচ থেকে ইট-বালু তোলার কাজে ব্যবহূত কপিকলযন্ত্রটি খুলছিলেন। হঠাৎ যন্ত্রটিসহ তিনজন নিচে পড়ে যান। গুরুতর আহত ওই শ্রমিকদের পাশের অ্যাপোলো হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। অ্যাপোলো হাসপাতালের ডিউটি ম্যানেজার প্রথম আলোকে জানান, ওই শ্রমিকদের মৃত অবস্থাতেই হাসপাতালে নেওয়া হয়েছিল।নিরাপত্তাব্যবস্থা ছিল না: নিহত ফোরম্যান নূর আলমের মামা নজরুল ইসলামও ওই ভবনে কাজ করেন। তিনি অভিযোগ করেন, সেখানে কোনো মাচাজাতীয় নিরাপত্তাব্যবস্থা ছিল না।বাড্ডা থানার ওসি জানান, ভবনটি বসুন্ধরার নিজস্ব প্রকল্প। সেখানে শ্রমিকদের কাজের নিরাপত্তামূলক ব্যবস্থা ছিল কি না, জানতে চাইলে ওসি বলেন, ‘আমি ঘটনাস্থলে যেতে পারিনি। তাই বিষয়টি বলতে পারছি না।’স্বপ্ন পূরণ হলো না: নিহত ফোরম্যান নূর আলমের স্ত্রী রোজিনা আক্তার সাত মাসের অন্তঃসত্ত্বা। অনাগত সন্তানের নামও ঠিক করে রেখেছিলেন বাবা। সন্তান ভূমিষ্ঠ হলে লম্বা ছুটি নিয়ে বাড়ি যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। সব স্বপ্ন কবর দিয়ে চিরতরে ছুটি নিয়ে চলে যাওয়া নূর আলমের গ্রামের বাড়ি ময়মনসিংহের তারাকান্দিতে। মামা নজরুল ইসলাম জানান, গ্রামের বাড়িতে নূর আলমের তিন বছরের একটি ছেলে, স্ত্রী এবং অন্য স্বজনেরা রয়েছে। যক্ষ্মায় আক্রান্ত বাবা জয়নাল আবেদিনের চিকিৎসাসহ সংসারের যাবতীয় খরচ বহন করতেন নূর আলমই।