ছাদ থেকে ফেলে গৃহকর্মী হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহবাগ থানা এলাকায় ছাদ থেকে ফেলে রাশিদা আক্তার (৩০) নামের একজন গৃহকর্মীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া গত শুক্রবার তুরাগ ও খিলগাঁও এলাকায় দুজন গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনজনের লাশই ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। শাহবাগ থানার পুলিশ জানায়, রাশিদা আনন্দবাজার এলাকায় একটি পাঁচতলা বাড়ির চতুর্থ তলায় রিপন নামের একজন ব্যবসায়ীর বাসার গৃহকর্মী ছিলেন। শুক্রবার রাত নয়টার দিকে ওই বাসার কাছাকাছি একটি টিনশেডের বাসার ওপর পড়ে যান রাশিদা। শব্দ শুনে সেখানকার বাবুপুরা পুলিশ ফাঁড়ির সদস্যরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। গতকাল শনিবার ভোর চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাশিদা। হাসপাতাল সূত্র জানায়, স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করেন, রিপনের স্ত্রী মনোয়ারা বেগম মারধরের একপর্যায়ে রাশিদাকে ছাদ থেকে ফেলে দিয়েছেন। রাশিদা ওই বাসায় তিন মাস ধরে কাজ করছেন। এর আগে ওই বাসায় আরও অনেক গৃহকর্মী নির্যাতিত হয়েছেন বলে এলাকাবাসীর অভিযোগ। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ঘটনার পর ওই বাসা তালাবদ্ধ পাওয়া গেছে। রাশিদার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাদের বক্তব্যের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস আহমেদ বলেন, গত শুক্রবার সকাল আটটার দিকে তুরাগের বেগুনটেকের আহালিয়া এলাকায় জহুরা আক্তার (৩০) নামের একজন গৃহবধূ নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। জহুরা মানসিকভাবে অসুস্থ ছিলেন। এ ব্যাপারে তাঁদের পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, একই দিন বিকেল চারটার দিকে খিলগাঁও থানার নবীনবাগের এক বাসা থেকে শাহিদা আক্তার (২০) নামের একজন গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।