ছাদ থেকে লাফিয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিলে ছাদ থেকে লাফিয়ে পড়ে মোহাম্মদ রাসেল (২২) নামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র মারা গেছেন। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। রাসেলের পরিবার পুলিশকে বলেছে, রাসেল আত্মহত্যা করেছেন। এদিকে রাজ-ধানীর রামপুরায় একটি চারতলা বাসা থেকে পড়ে জহিরুল ইসলাম (১৭) নামের একজন রাজমিস্ত্রি মারা গেছে। সূত্র জানায়, রাসেল বনানীর সাউথইস্ট বিশ্ব-বিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জি-নিয়ারিংয়ের শেষ বর্ষের ছাত্র ছিলেন। তিনি মা-বাবার সঙ্গে মতিঝিল শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে চারতলা বাসার তৃতীয় তলায় থাকতেন। মতিঝিল থানার এসআই আবুল হোসেন বলেন, গতকাল বেলা তিনটার দিকে দুপুরের খাবার খেয়ে রাসেল ছাদে যান। বিকেল চারটার দিকে তিনি ছাদ থেকে নিচে লাফ দেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এসআই বলেন, পরিবার পুলিশকে জানিয়েছে, এক মেয়ের সঙ্গে রাসেলের সম্পর্ক ছিল। গতকাল ওই মেয়ের অন্যত্র বিয়ে ঠিক হয়। এরপরই রাসেল আত্মহত্যা করেন। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে রাসেলের চাচা সাইফুল ইসলাম বলেন, তিন ভাইবোনের মধ্যে রাসেল বড়। তাঁর বাবা শহীদুল ইসলাম রেলওয়েতে চাকরি করেন। একমাত্র ছেলেকে হারিয়ে রাসেলের বাবা-মা প্রায় অচেতন।পুলিশ জানায়, রাসেলের গ্রামের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর এলাকায়। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে রামপুরার বনশ্রী এলাকায় নির্মাণাধীন চারতলা ভবনে মাচায় বসে প্লাস্টারের কাজ করছিল রাজমিস্ত্রি জহিরুল। মাচায় আরও তিনজন শ্রমিক ছিলেন। একপর্যায়ে মাচাটি একদিকে কাত হলে জহিরুল নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রামপুরা থানার এসআই শহীদুল ইসলাম বলেন, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।