আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি ও পত্রিকার ছাপাখানা খুলে না দিলে প্রয়োজনে লাগাতার কঠোর কর্মসূচি দেওয়া হবে। গতকাল রোববার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও-পূর্ব সমাবেশে বক্তারা এ হুঁশিয়ারি দিয়েছেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকারের সীমাহীন দুর্নীতি, অপশাসন ও খুন-গুমের সংবাদ প্রচার এবং ধর্মদ্রোহী ও নাস্তিকদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আমার দেশ পত্রিকা ও এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সরকারের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। সম্পূর্ণ বেআইনি ও ফ্যাসিবাদী কায়দায় পত্রিকার ছাপাখানা বন্ধ করা হয়েছে।জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টায় এ সমাবেশ শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত বিরামহীনভাবে চলে। সমাবেশে বক্তৃতা পর্বের মাঝে মাঝে দলীয় সংগীত ও আবৃত্তি পরিবেশন করা হয়। বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে সমাবেশে নাগরিক অধিকার রক্ষা কমিটির ফরহাদ মজহার বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠিত ও মাহমুদুর রহমান মুক্ত না হওয়া পর্যন্ত গণমানুষের এ আন্দোলন চলবে। রুহুল আমিন গাজী বলেন, এই সরকার যদি সাংবাদিক ও গণমাধ্যমের ওপর সীমাহীন নির্যাতন চালিয়ে পার পেয়ে যায়, তাহলে ভবিষ্যতে অনেক সাংবাদিক এবং গণমাধ্যমকে ঝুঁকির মধ্যে পড়তে হতে পারে। আমার দেশ-এর প্রেস খুলে দেওয়া ও ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে মুক্তি না দিলে প্রয়োজনে লাগাতার কর্মসূচি দেওয়া হবে। বিএফইউজের মহাসচিব শওকত মাহমুদ বলেন, সরকার যদি অবিলম্বে মাহমুদুর রহমানকে মুক্তি ও আমার দেশ-এর ছাপাখানা খুলে না দেয়, তাহলে দেশের জনগণই আমার দেশ পত্রিকার ছাপাখানা খুলে ফেলবে। জেলের তালা ভেঙে মাহমুদুর রহমানকে বের করে আনবে। আমার দেশ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ সরকারের কঠোর সমালোচনা করে বলেন, এই সরকার গণমাধ্যম ও জনগণের শত্রু। অবিলম্বে আমার দেশ-এর ছাপাখানা খুলে না দিলে গণ-আন্দোলনের মুখে সরকার পালাতে বাধ্য হবে। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান, আমার দেশ-এর বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী, জাতীয় প্রেসকাবের যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন ডিইউজের (একাংশের) সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান।সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইবি) সম্মানীয় সাধারণ সম্পাদক মিয়া মো. কাইয়ুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাজমেরী এস ইসলাম, ডিপ্লোমা প্রকৌশলী নেতা মো. হানিফ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতা এ জে এম আজিজুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশে যাত্রা করলে সচিবালয়ের মোড়ে পুলিশ মিছিলের পথ আটকে দেয়। পরে সাংবাদিক নেতাদের একটি প্রতিনিধিদল দাবিসংবলিত স্মারকলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেন। মাহমুদুর রহমানের মুক্তি ও আমার দেশ পত্রিকার ছাপাখানা খোলার দাবিতে আজ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএফইউজে ও ডিইউজের যৌথ উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে।