অ্যাসোসিয়েশনের ছাড়পত্র ছাড়া কোনো ব্যবসায়ীকে এসিড আমদানির অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে লাইসেন্স নবায়নের জন্যও ব্যবসায়ীদের সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের সদস্য-সনদ জমা দিতে হবে।গতকাল রোববার সচিবালয়ে বাংলাদেশ এসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। নয় সদস্যের এই প্রতিনিধিদলে নেতৃত্ব দেন অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন আল রশিদ। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বাণিজ্য সংগঠনের পরিচালক তানকিন হক সিদ্দিকী উপস্থিত ছিলেন।প্রতিনিধিদলকে বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্য সংগঠন অধ্যাদেশ, ১৯৬১ অনুসারে অ্যাসোসিয়েশনের সদস্য না হলে কেউ এসিড-সংক্রান্ত ব্যবসা করতে পারবেন না। তিনি বলেন, বর্তমান সরকার এমন কোনো কাজ করবে না, যাতে দেশের ক্ষতি হয়। এ কারণে এসিড আমদানিসহ সংশ্লিষ্ট সব বিষয়ে সরকার অত্যন্ত সজাগ। বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যাটারি বা স্বর্ণকারের দোকান অথবা অন্য কোনো উপায়ে অধিকাংশ লোক এসিড সংগ্রহ করে থাকে। তাই এ বিষয়ে সরকার অত্যন্ত কঠোর। এসব ব্যবসা করতে হলে সবাইকে জবাবদিহির আওতায় আসতে হবে। প্রয়োজনে এসিড আমদানি-সংক্রান্ত বর্তমান নীতিমালা পরিবর্তন করে যুগোপযোগী আইন প্রণয়নের কথা বলেন বাণিজ্যমন্ত্রী। ফারুক খান আরও বলেন, বর্তমান সরকারের আমলে এসিড-সন্ত্রাসের হার কমে এসেছে। এ প্রসঙ্গে তিনি ২০০৯ সালে ১২৯টি এবং ২০১০ সালে মাত্র ২৮টি মামলা দায়ের হওয়ার কথা উল্লেখ করেন। প্রতিনিধিদলের সদস্যরা এ সময় এসিডের ব্যবহার বন্ধ করতে এবং বাজার তদারকির জন্য বাংলাদেশ এসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রত্যয়ন বা ছাড়পত্র ছাড়া এসিড লাইসেন্স নবায়ন ও ইস্যু না করার ব্যাপারে প্রতিটি জেলা প্রশাসককে অবহিত করার দাবি জানান। এ ছাড়া আমদানির ক্ষেত্রে এসিডের সঠিক ব্যবহার সম্পর্কে অবহিত হওয়া এবং আমদানিকৃত এসিড ও কেমিক্যাল খালাস করার সময় অ্যাসোসিয়েশনের প্রত্যয়ন বা ছাড়পত্র নেওয়ার কথাও তাঁরা উল্লেখ করেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এসিড-সন্ত্রাস মামলার আসামিরা খালাস পেয়ে যাচ্ছে। গত আট বছরে দেশে এক হাজার ৫২৪টি মামলা করা হলেও ৪৪২ মামলা খালাস হয়ে গেছে।