ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির কবলে পড়ে দুজনের মৃত্যু
রাজধানীর মিরপুরে গতকাল বুধবার ছিনতাইকারীদের ছুরিকাঘাতে প্রাইভেট কারের চালক খোরশেদ আলম (৩৫) নিহত হয়েছেন। এদিকে সায়েদাবাদ বাস টার্মিনালে অজ্ঞান পার্টির কবলে পড়ে প্রাণ হারিয়েছেন ধীরেন চন্দ্র ঘোষ (৫৫)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, খোরশেদ আলম গতকাল সকাল সাতটার দিকে শাহ আলী থানার নবাবেরবাগের বাসা থেকে বাইসাইকেলে করে কর্মস্থল মিরপুর ১০ নম্বরে যাচ্ছিলেন। পথে মিরপুর গুদারাঘাট এলাকায় চার ছিনতাইকারী তাঁর গতিরোধ করে। তারা খোরশেদের বুকে ও পেটে ছুরিকাঘাত করে তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোনসেট ও টাকা নিয়ে যায়। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খোরশেদের বাবার নাম সুলতান আহমেদ। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, এ ঘটনায় পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এদিকে ধীরেন চন্দ্র দাসের পারিবারিক সূত্র জানায়, দই বিক্রেতা ধীরেন গত মঙ্গলবার সকালে জামাতা কাজল চন্দ্র ঘোষকে নিয়ে হবিগঞ্জে বড় মেয়ের বাসায় যাওয়ার জন্য সায়েদাবাদ বাস টার্মিনালে যান। শ্বশুরকে টার্মিনালে রেখে কাজল টিকিট কিনতে কাউন্টারে যান। এ সময় ধীরেন সেখান থেকে বিড়ি, পান ও চা কিনে পান করেন। কাজল টিকিট এনে শ্বশুরকে নিয়ে বাসে ওঠেন। বাসটি যাত্রাবাড়ী পার হতেই ধীরেন চন্দ্র অচেতন হয়ে পড়েন। কাজল তাঁকে বাস থেকে নামিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে গতকাল ভোর পৌনে পাঁচটায় ধীরেন মারা যান। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনায়।