ছিনতাইকারী চক্রের তিন সদস্য গ্রেপ্তারের পর তিনটি গাড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গত শনিবার ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে তাঁদের কাছ থেকে তিনটি গাড়ি উদ্ধার করেছে।ডিবি সূত্র জানায়, গত শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ পল্লবী এলাকায় অভিযান চালিয়ে হেমায়েত আলী (২৯) ও জনি শিকারী (২৭) নামের দুই যুবককে গ্রেপ্তার করে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৩-৬৫৬৮) উদ্ধার করা হয়। এরপর ডিবি পুলিশ অভিযান চালিয়ে যশোরের কোতোয়ালি এলাকা থেকে ওই দুজনের সহযোগী মনিরকে (৪০) গ্রেপ্তার করে। তাঁর তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকে একটি চোরাই মাইক্রোবাস এবং খুলনা খানজাহান আলী থানা এলাকা থেকে আরেকটি চোরাই প্রাইভেট কার উদ্ধার করে।অভিযান পরিচালনাকারী ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়ার পর তিন যুবক স্বীকার করেছেন, তাঁরা গাড়ি ছিনতাইকারী চক্রের সদস্য। পল্লবী থেকে উদ্ধার হওয়া মাইক্রোবাসটির মালিক মোহাম্মদ ইকবাল নামের এক ব্যক্তি। মালিকের অজান্তে গাড়ির চালক বাড়তি আয়ের আশায় মিরপুর ১০ নম্বর থেকে কিছু লোককে যাত্রী হিসেবে গাড়িতে ওঠান। কিছু দূর যাওয়ার পর যাত্রীবেশে ওঠা ছিনতাইকারীরা কৌশলে চালকের কাছ থেকে গাড়িটি নিয়ন্ত্রণে নেন। তাঁরা সাভার এলাকায় চালককে পিটিয়ে হাত-পা বেঁধে গাড়ি থেকে ফেলে দিয়ে গাড়িটি নিয়ে পালিয়ে যান। এ ব্যাপারে গুলশান থানায় মামলা হয়।