ছিনতাইকারী-পুলিশ গুলিবিনিময় আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে গতকাল শনিবার ভোররাতে ছিনতাইকারীদের সঙ্গে পুলিশের গুলিবিনিময় হয়েছে। এতে পুলিশের এক উপপরিদর্শকসহ দুজন আহত হয়েছেন। পুলিশ জানায়, গতকাল ভোররাত সাড়ে চারটার দিকে গুলশান দুই নম্বরের ৩৪ নম্বর সড়কে একটি মোটরসাইকেলে তিন ছিনতাইকারী এক পথচারীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। তাঁর চিৎকার শুনে ঘটনাস্থলের কাছে নিরাপত্তাচৌকি (চেকপোস্ট) থেকে পুলিশ এগিয়ে যায়। এ সময় ছিনতাইকারীরা মোটরসাইকেলটি এসআই ওবায়দুল হকের ওপর উঠিয়ে দিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে এসআই ওবায়দুল হাতে ও পিঠে গুলিবিদ্ধ হন। পুলিশের অন্য সদস্যরা পাল্টা গুলি চালালে ছিনতাইকারী দলের নেতা আকতার আহত হলেও অন্যরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পুলিশ আহত ছিনতাইকারী আকতারকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে তিনটি গুলিসহ একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম প্রথম আলোকে বলেন, ছিনতাইকারীদের গুলিতে আহত এসআই ওবায়দুল হক রাজারবাগ পুলিশ হাসপাতালে এবং আহত ছিনতাইকারী আকতার হোসেনকে গ্রেপ্তার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আকতার গুলশানের কূটনৈতিক এলাকায় গাড়ি নিয়ে ছিনতাই করা চক্রের নেতা। তার বিরুদ্ধে গুলশান থানায় ২৫টি মামলা রয়েছে। গুলশান থানার ওসি বলেন, এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।