ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে আলাদা ঘটনায় গতকাল বুধবার ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক সেনাসদস্যসহ দুজন আহত হয়েছেন। গুরুতর আহতাবস্থায় সেনাসদস্য আনোয়ার হোসেন (৪০) ও সায়েম হোসেনকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, চট্টগ্রাম সেনানিবাসে সার্জেন্ট হিসেবে কর্মরত আনোয়ার হোসেন গতকাল বুধবার ভোরে চট্টগ্রাম থেকে সায়েদাবাদে এসে নামেন। দোহারে নিজের বাড়িতে যাওয়ার জন্য তিনি সায়েদাবাদ থেকে রিকশায় বাবুবাজারের উদ্দেশে রওনা হন। স্বামীবাগ রেললাইন পার হওয়ার পর চার ছিনতাইকারী তাঁর পথ আটকায়। আনোয়ার হোসেন বলেন, দুর্বৃত্তরা তাঁর পিঠে, গালে ও হাতে ছুরি মেরে ৩৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। তাঁর সঙ্গে ছিল দুই মাসের বেতন। আরেক ঘটনায় গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে মহাখালী উড়ালসেতুর ওপর প্রাইভেট কারে থাকা পাঁচ-ছয়জন ছিনতাইকারী মোটরসাইকেল আরোহী সায়েম হোসেনের গতি রোধ করে। তারা একপর্যায়ে সায়েমের পেটে ছুরি মেরে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। সায়েমের অভিযোগ, ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে সাড়ে ১৭ হাজার টাকা এবং দুটি মুঠোফোনও নিয়ে যায়।অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেপ্তার: এদিকে লালমাটিয়ায় গতকাল সকালে স্বর্ণের চেন, আংটি ও ভ্যানিটি ব্যাগ নিয়ে পালানোর সময় পুলিশ ও স্থানীয় লোকজন তিন ছিনতাইকারীকে ধরে ফেলে। তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি রিভলবার, দুটি চাপাতি ও ছয়টি গুলি উদ্ধার করা হয়েছে। ছিনতাই হওয়া অলংকারও উদ্ধার করে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকাল সাড়ে নয়টার দিকে তিন ছিনতাইকারী লালমাটিয়া সি-ব্লকে অস্ত্রের মুখে মাহফুজা সিদ্দিকা নামের এক নারীর কাছ থেকে স্বর্ণের চেন, আংটি ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন ও টহল পুলিশ ধাওয়া করে। ছিনতাইকারীরা এ সময় গুলি ছুড়লে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি গাড়িতে লাগে। লোকজনের সহায়তায় ধরে ফেলার পর পুলিশ ছিনতাইকারী ইমরান (২৫), হাবিব (২৫) ও আরিফকে (৩০) গ্রেপ্তার করে।