ছিনতাইকারীর কবলে পড়ে আড়াই লাখ টাকা খুইয়েছেন দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরার আজিমপুরে গতকাল রোববার দিনদুপুরে রিভলবার দিয়ে আঘাত করে ব্যবসায়ী মির্জা সাইফুল ইসলামের দুই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। উত্তরা থানা সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে দুটি মোটরসাইকেলে তিন-চারজন ছিনতাইকারী আজমপুর এলাকায় ব্যবসায়ী সাইফুল ইসলামের গতি রোধ করে। এরপর ছিনতাইকারীরা তাঁর মাথায় রিভলবার দিয়ে আঘাত করে তাঁর কাছ থেকে হাতব্যাগ ভর্তি দুই লাখ টাকা নিয়ে যায়। উত্তরা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইউসুফ প্রথম আলোকে জানান, সাইফুল ইসলাম ন্যাশনাল ব্যাংকের আজমপুর শাখা থেকে দুই লাখ টাকা তুলে স্থানীয় প্রিমিয়ার ব্যাংকে জমা দিতে যাওয়ার সময় আজমপুর বিডিআর মার্কেটের সামনে ছিনতাইকারীর কবলে পড়েন। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। গতকাল প্রায় একই সময় শাহবাগ শেরাটন ক্রসিংয়ে বীথি বেগমের গলা থেকে আড়াই ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এ ব্যাপারে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শিবলী নোমান এ প্রতিবেদককে বলেন, ছিনতাইয়ের বিষয়টি থানা জানে না। অজ্ঞান পার্টির কবলে: গতকাল দুপুরে রাজধানীতে চলন্ত বাসে সুতা ও বোতাম ব্যবসায়ী রিপন সিকদার (৩২) ও তাঁর কর্মচারী আলমগীর (৩০) অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৪০ হাজার টাকা খুইয়েছেন। পরে তাঁদের অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে রিপনের ব্যবসায়ী অংশীদার আরব আলী জানান, রিপন ও তাঁর কর্মচারী ৪০ হাজার টাকা নিয়ে সুতা ও বোতাম কিনতে শ্যামলীতে যাওয়ার উদ্দেশে সদরঘাট থেকে বাসে ওঠেন। বঙ্গবাজারের কাছে পৌঁছার পর তিনি দেখেন রিপন ও আলমগীর অজ্ঞান হয়ে সিটের সঙ্গে হেলান দিয়ে আছেন। পরে তিনি তাঁদের হাসপাতালে নিয়ে যান।