ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাঁচামাল ব্যবসায়ী নিহত
রাজধানীর বিজয় সরণিতে গত বুধবার মধ্যরাতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মনির হোসেন (১৬) নামের এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত মনিরের ভাই আলাউদ্দিনকে (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বুধবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে চার-পাঁচজন ছিনতাইকারী বিজয় সরণি নভোথিয়েটারের উল্টো পাশে মনির ও আলাউদ্দিনের ভ্যানের গতিরোধ করে। ছিনতাইকারীরা মনিরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তাদের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করে। এ সময় আলাউদ্দিন তাঁর ছোট ভাই মনিরকে রক্ষা করতে গেলে ছিনতাইকারীরা তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন আলাউদ্দিন জানান, বুধবার রাতে কাঁচামাল কিনতে ভ্যানে করে তাঁরা কারওয়ান বাজারে যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়েন। ভ্যান চালাচ্ছিলেন তিনি নিজেই। ছিনতাইকারীরা তাদের ছুরিকাঘাত করে পাঁচ হাজার টাকা ও একটি মোবাইল ফোনসেট নিয়ে যায়। কাফরুল থানা সূত্র জানায়, এ ব্যাপারে নিহত মনিরের বড় ভাই মো. নাসিম বাদী হয়ে হত্যা মামলা করেন। নিহত মনির তার ভাইদের সঙ্গে মিরপুর ১ নম্বরের জনতা হাউজিং এলাকায় থাকত। তার বাবার নাম আবুল কালাম। গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমলে।