ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক ঘটনায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় জাহিদুল ইসলাম (৩০) ও সাইদুর রহমান (২৫) নামের ওই দুই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে তিন-চারজন ছিনতাইকারী বকশীবাজারে মাদ্রাসা রোডে পোশাকশ্রমিক জাহিদুল ইসলামের রিকশার গতিরোধ করে। ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে টাকাপয়সা কেড়ে নিতে গেলে জাহিদুল বাধা দেন। একপর্যায়ে ছিনতাইকারীরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তাঁর কাছ থেকে চার হাজার টাকা, দুটি মুঠোফোন ও কাপড়-চোপড় ভর্তি একটি ব্যাগ নিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা বলেছেন, তাঁর অবস্থা আশঙ্কাজন। জাহিদুলের ভাই আনোয়ারুল ইসলাম জানান, তাঁর ভাই গ্রামের বাড়ি গাইবান্ধা থেকে গতকাল সকালেই ঢাকায় আসেন। এরপর রিকশা নিয়ে কামরাঙ্গীরচরে তাঁর বাসায় ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন। এদিকে রোববার রাত সাড়ে ১১টায় কয়েক ছিনতাইকারী কাকরাইল মোড়ে সাইদুর রহমান (২৫) নামে এক যুবকের রিকশার গতি রোধ করে। ছিনতাইকারীরা ছুরি মেরে তাঁর কাছ থেকে দেড় হাজার টাকা ও একটি মুঠোফোন নিয়ে পালিয়ে যায়। সাইদুর শান্তিনগরের চামেলীবাগে একটি দর্জির দোকানের মাস্টার হিসেবে কাজ করেন।