ঈদের ছুটির পর জামায়াতের ডাকা দুই দিনের হরতালের কারণে ক্ষুব্ধ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এবার ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার চেয়ে কীভাবে ছুটি শেষে সময়মতো এসে কর্মস্থলে যোগ দেবেন, তা নিয়ে চিন্তিত তাঁরা। এ অবস্থায় হরতালের ওই দুই দিনও ছুটি চেয়ে নিজ নিজ মন্ত্রণালয় বা বিভাগে আবেদন করেছেন কর্মকর্তা কর্মচারীদের অনেকেই। সংস্থাপন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, অন্যান্য ঈদের সময়ের তুলনায় এবার ছুটি চেয়ে আবেদন পড়েছে অনেক বেশি। সবারই বক্তব্য, হরতালের সময় কীভাবে ঢাকায় ফিরবেন। বিশেষ করে, যাঁরা আগেই ঢাকায় ফেরার টিকিট কিনেছেন, তাঁরা পড়েছেন বেশি বিড়ম্বনায়। ওই কর্মকর্তা জানান, এ ক্ষেত্রে ছুটি না দিয়েও পারা যাচ্ছে না।মঙ্গলবার হরতালের সময় পরিবর্তন করে ১২ ও ১৩ আগস্টের বদলে ১৩ ও ১৪ আগস্ট নির্ধারণ করায় ঢাকা ফেরার ক্ষেত্রে আরেক দফা জটিলতায় পড়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। রাজনৈতিক দলের নিবন্ধন অবৈধ ঘোষণা করে আদালতের রায়ের পর ঈদের পরপরই দুই দিনের হরতাল ডাকে জামায়াত। নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিপরিষদ বিভাগের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, ঈদের পর এমনিতেই কাজে ঢিলেমি থাকে। এরপর দুই দিনের হরতালে বেশির ভাগ কর্মচারীই ছুটি কাটাবেন। এখন হরতালে যেভাবে গাড়ি ভাঙচুর হয় ও জানমালের অনিশ্চয়তা থাকে, তাতে কেউই ঝুঁকি নিয়ে অফিসে আসতে চাইবেন না। স্থানীয় সরকার বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘জামায়াত যেহেতু রায়ের বিরুদ্ধে আপিল করছে, সেখানে হরতালের কি দরকার ছিল?’ তিনি বলেন, এ হরতাল নিয়ে ঘরমুখী বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের মতো সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও প্রচণ্ড ক্ষুব্ধ। হরতালের এই দুই দিন ছুটির আবেদন নিয়ে বেশ কয়েকজন কর্মকর্তা হাজির হয়েছেন তাঁর দপ্তরে। এলাকা ও দূরত্ব বিবেচনা করে অনেককেই ছুটি দিতে হয়েছে। কাউকে আবার বুঝিয়ে ছুটির আবেদন মঞ্জুর করা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, ঢাকায় চাকরি করলেও তাঁর বাবা-মা থাকেন গ্রামে। বছরে একবারই ঈদে তাঁদের সঙ্গে দেখা হয়। এবারও সেভাবে পরিকল্পনা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আর যাওয়া হচ্ছে না। কারণ, ঈদের ছুটির পরপরই হরতাল ডেকেছে জামায়াত। তাই বাড়ি থেকে ফিরে আসা নিয়ে অনিশ্চয়তা, বিশেষ করে টিকিট না পাওয়ার কারণে এবার বাড়ি যাওয়া হচ্ছে না। ঈদের ছুটিতে কক্সবাজার যাওয়ার পরিকল্পনা করেছিলেন বিদ্যুৎ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। ইতিমধ্যে হোটেল ভাড়া ও ট্রেনের টিকিটও করা হয়েছিল। কিন্তু হরতালের কারণে তা বাতিল করা হয়েছে। তিনি জানান, জামায়াত যদি টানা কর্মসূচি দেয়, তাহলে ফিরতে সমস্যা হবে। প্রসঙ্গত, জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর টানা হরতালের কারণে অনেক পর্যটক কক্সবাজার আটকা পড়েছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক খাদ্য বিভাগের একজন কর্মচারী বলেন, ঈদের ছুটির পরপরই জামায়াতের টানা ৪৮ ঘণ্টা হরতাল হলেও চাকরিজীবীদের কাজে যোগ দিতে হবে। এ ক্ষেত্রে ঢাকায় ফিরবেন কীভাবে, সেটা জানা নেই তাঁর। তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘আমি টিকিট ফেরত দিয়ে এসেছি। এমনিতেই ছুটি কম, তার ওপর হরতাল।’