ছুটিতে বাসায় এসে লাশ মাদ্রাসাছাত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালার বিয়ে উপলক্ষে ছুটিতে বাসায় এসে লাশ হলো তাহমিদুর রহমান ওরফে তামিম (১৪) নামের এক মাদ্রাসাছাত্র। গত রোববার রাতে পুলিশ বংশাল থানার নবাব কাটারার ছয়তলা বাড়ির ছাদের রেলিংয়ের পাশ থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে।পরিবারের ভাষ্য, খেলতে খেলতে দুর্ঘটনাবশত ছাদে ভেজা কাপড় শুকানোর কাজে ব্যবহূত রশিতে ফাঁস লেগে তাহমিদুরের মৃত্যু হয়েছে। তাহমিদুর উত্তরা ১৪ নম্বর সেক্টরের একটি হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিল। সেখানকার আবাসিক হোস্টেলে থাকত সে।এ ঘটনা ছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে গত রোববার পৃথক ঘটনায় পাঁচজনের অপমৃত্যু হয়েছে। এ ছাড়া উত্তরা-পশ্চিম থানা এলাকা থেকে এক নবজাতক এবং ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।তাহমিদুরের পরিবার জানায়, রোববার সন্ধ্যার পর থেকে তাহমিদুরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর রাত নয়টার দিকে তারা বাড়ির ছাদে গিয়ে দেখে, রেলিংয়ের পাশে গলায় রশি পেঁচানো অচেতন অবস্থায় পড়ে আছে তাহমিদুর। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।তাহমিদুরের বাবা আবদুল বাসেত বলেন, খেলাচ্ছলে তাহমিদুরের গলায় ফাঁস লাগতে পারে। বংশাল থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বলেন, গলায় রশির দাগ পাওয়া গেছে। দুর্ঘটনা না অন্যকিছু, সে ব্যাপারে নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।পাঁচজনের অপমৃত্যু: গত রোববার পৃথক ঘটনায় নিহত পাঁচজনের মধ্যে দুজন সড়ক দুর্ঘটনায় এবং তিনজন গলায় ফাঁসজনিত কারণে মারা গেছেন। সবার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, মোহাম্মদপুরের ঢাকা উদ্যানসংলগ্ন বেড়িবাঁধে রোববার রাতে ট্রাকের ধাক্কায় মারা যান মো. ইব্রাহিম (২২)। তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরায়। বাবার নাম ফজলুল হক। একই রাতে বনানীতে গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক যুবকের (৩০) মৃত্যু হয়। এ ছাড়া রোববার রাতে দারুস সালাম থানা এলাকা থেকে কোহিনূর আক্তার (২০) নামের এক গৃহবধূ, শেরেবাংলা নগর থানার আগারগাঁওয়ের কুমিল্লা বস্তি থেকে সাহাবুদ্দিন (৩৫) নামের এক ব্যক্তি এবং ফকিরাপুল এলাকা থেকে মো. রাজু (২০) নামের এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।লাশ উদ্ধার: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, উত্তরা পশ্চিম থানা এলাকার উত্তরা ৯ নম্বর সেক্টর এলাকা থেকে গত রোববার এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া একই দিন ঢাকার কমলাপুর রেলস্টেশনে জামে মসজিদসংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাত নারীর (৩০) লাশ উদ্ধার করা হয়। অসুস্থতার কারণে ওই নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।