ছুটির দিনে কেনাকাটায় উপচে পড়া ভিড়
ঈদের আগে গতকাল শেষ শুক্রবার হওয়ায় বিপণিবিতানগুলোতে ছিল উপচে পড়া ভিড়। উৎসবের দিন যত এগিয়ে আসছে, ভিড় যেন ততই বাড়ছে।
গতকাল শুক্রবার থেকে ঈদের সরকারি ছুটি শুরু হয়ে গেছে। আর বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে আগামী সোমবার থেকে ঈদের ছুটি শুরু হবে। যাঁরা ঢাকায় ঈদ করবেন বা ঈদের পর ঢাকা থেকে বাড়ি যাবেন, তাঁরা গতকাল থেকে আগামী কয়েক দিনকেই বেছে নিচ্ছেন শেষ মুহূর্তের কেনাকাটার জন্য। আবার ঈদের আগের দিন বাড়ি যাবেন কিন্তু কেনাকাটা এখনো শেষ করতে পারেননি, তাঁদের কেউ কেউ শেষ মুহূর্তের কেনাকাটা করছেন। কারও পোশাকের সঙ্গে জুতা কেনা বাকি রয়ে গেছে, কেউ প্রসাধনসামগ্রী কিনছেন।
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে গিয়ে দেখা যায় ক্রেতাদের উপচে পড়া ভিড়। পুরো পরিবার নিয়ে অনেকে হাজির হয়েছেন শপিং মলে।
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞানে পড়ছেন মো. বিল্লাল হোসেন। মাত্রই ছুটি হয়েছে বিশ্ববিদ্যালয়ে। এত দিন পড়াশোনার চাপে কেনাকাটার সুযোগ পাননি। ঈদে ঢাকায় থাকবেন বলে শুক্রবারের আশায় ছিলেন। বন্ধুবান্ধবকে নিয়ে এক দিনেই কেনাকাটা শেষ করবেন বলে ঠিক করেছেন তিনি। বিল্লাল বলেন, ‘শার্ট আর প্যান্ট কিনেছি। এখন জুতা কিনতে এলিফ্যান্ট রোডে যাব। তাই সকালেই বের হয়েছি। ইফতারের আগেই বাসায় যাওয়ার ইচ্ছে আছে।’
বসুন্ধরা সিটির ফ্যাশন জোন নামের দোকানের মালিক দামাল হোসেন বলেন, আগের দিনের চেয়ে শুক্রবার বিক্রি বেড়েছে। বেশি বিক্রি হচ্ছে পাঞ্জাবি। সন্ধ্যার পর বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন তিনি।
সীমান্ত স্কয়ারে ছয় বছরের মেয়ের জন্য জামা দেখছিলেন জিগাতলার বাসিন্দা ফারহানা আলম। এবারের ঈদ ঢাকায় কাটাবেন বলে ঠিক করেছেন। তিনি বলেন, ‘এর আগের সপ্তাহে একবার এসেছিলাম। ভিড় বেশি থাকায় আজ এলাম।’ তিনি জানালেন, মেয়ের জামা কেনার সঙ্গে সঙ্গে নিজের জন্য কিছু কসমেটিকস কেনারও পরিকল্পনা আছে।
মেট্রো শপিং মলে ফ্যাশন হাউস রিচম্যান-লুবনানের শাখা ব্যবস্থাপক আহমেদ হোসেন বলেন, গত এক সপ্তাহে বিক্রি বেশ বেড়েছে। শুক্রবার হিসেবে ইফতারের পর ভিড় আরও বাড়বে। তবে সরকারি ছুটি শুরু হয়ে যাওয়ায় ক্রেতাদের বেশির ভাগই এখন ঢাকার স্থানীয় মানুষ বলে জানান তিনি।
ধানমন্ডির আনাম-র্যাংগ্স প্লাজায় স্কুলপড়ুয়া ছেলে ইশরাকের জন্য একটি হাতঘড়ি পছন্দ করছিলেন মোহাম্মদপুরের বাসিন্দা ফারজানা তাসনিম। ছেলে বায়না করেছে, নীল রঙের ঘড়ি কিনবে। এ ছাড়া ছেলের জামাকাপড় কেনাও বাকি। ফারজানা বললেন, ঈদের পর গ্রামের বাড়ি যাবেন তাঁরা। তাই ঈদের আগের শেষ শুক্রবারটি বেছে নিয়েছেন কেনাকাটার জন্য। আজই সব কেনাকাটা শেষ করার ইচ্ছা তাঁর।
প্লাজা এ আরে স্ত্রীর জন্য জুতা দেখছিলেন খন্দকার ফুয়াদ ওমান। বাকি আছে আরও কিছু টুকটাক কেনাকাটা। স্ত্রী ও সন্তানকে নিয়ে সকাল সকালই তাই বেরিয়ে পড়েছেন। আগামী ৫ জুলাই বগুড়ায় ঈদ উদ্যাপন করতে ঢাকা ছাড়বেন তিনি। এর আগে বাদবাকি কেনাকাটা শেষ করতেই শুক্রবারকে বেছে নেওয়া।
ক্রেতাদের সামলাতে ব্যস্ত সময় পার করছিলেন টেক্সমার্টের শাখা ব্যবস্থাপক সৈয়দ মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, এখন পাঞ্জাবি বিক্রি হচ্ছে বেশি। এ ছাড়া মেয়েদের লং কামিজও কিনছেন অনেকে।
ফ্যাশন হাউস স্মার্টেক্সের শাখা ব্যবস্থাপক জুবায়ের আহমেদ বলেন, গতকাল থেকে পাঞ্জাবি ও প্যান্টের বিক্রি কিছুটা বেড়েছে। বাচ্চাদের জামাও বিক্রি হচ্ছে বেশ।
এদিকে ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে গয়না ও প্রসাধনসামগ্রীর দোকানগুলোতেও ক্রেতারা ভিড় জমাচ্ছেন।
প্লাজা এ আরে গয়নার শোরুম কে জেড ইন্টারন্যাশনালের শাখা ব্যবস্থাপক হাফিজুর রহমান বলেন, গত ২০ রোজা থেকেই রাত ১২টা পর্যন্ত দোকান খোলা রাখা হচ্ছে।