ছুটির দিনেই শুরু হলো জেএসসি-জেডিসি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতালের কারণে স্থগিত হয়েছিল জেএসসি ও জেডিসি পরীক্ষা। গতকাল শুক্রবার শুরু হলো সেই পরীক্ষা। ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে ছবিটি তোলা l প্রথম আলো
হরতালের কারণে স্থগিত হয়েছিল জেএসসি ও জেডিসি পরীক্ষা। গতকাল শুক্রবার শুরু হলো সেই পরীক্ষা। ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে ছবিটি তোলা l প্রথম আলো

জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে পাঁচ দিন পিছিয়ে সাপ্তাহিক ছুটির দিনে শুরু হলো জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। প্রথম দিনে গতকাল শুক্রবার জেএসসির বাংলা প্রথম পত্র এবং জেডিসির কোরআন মজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এই পরীক্ষার কারণে ছুটির দিনেও রাজধানীতে ছিল যানবাহনের চাপ ও মানুষের ভিড়। বিশেষ করে বিদ্যালয়গুলোর সামনে। এসব এলাকার পরিবেশ ছিল স্বাভাবিক দিনের কর্মমুখরতার। যানবাহনের চাপে কেন্দ্রে আসতে বেগ পেতে হয় অনেককে।
গতকাল সকাল নয়টায় সারা দেশের দুই হাজার ৬১৭টি কেন্দ্রে একযোগে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হয়। ২ নভেম্বর এই পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু জামায়াতের ডাকা টানা হরতালের কারণে ২ ও ৩ নভেম্বরের পরীক্ষা পেছানো হয়। একই কারণে পরবর্তী সময়ে ৫ ও ৬ নভেম্বরের পরীক্ষাও পেছানো হয়েছে। শেষ পর্যন্ত গতকাল থেকেই পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।
সকালে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় তিনি বলেন, ‘এবার সংকটের মধ্য দিয়ে পরীক্ষা শুরু হয়েছে। গত বছরও আমাদের এ সংকট মোকাবিলা করতে হয়েছে। এত কিছুর মধ্যেও শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে পরীক্ষা দিচ্ছে।’ হরতাল প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭১ সালে যারা দেশকে পরাধীন করতে চেয়েছিল, মানুষ হত্যা করেছিল, তারাই হরতালের নামে মানুষ হত্যা করছে। এদের হিংস্রতা থেকে শিক্ষার্থীদের বাঁচাতেই পরীক্ষা পেছানো হয়েছে।
আইন করে হরতাল বন্ধ করা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, আইন করে হরতাল বন্ধ করার দরকার নেই। আদালতের রায়ের বিরুদ্ধে জামায়াতের এ হরতাল বেআইনি এবং রাষ্ট্রবিরোধী। এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
শিক্ষামন্ত্রী ওই কেন্দ্রে প্রবেশের সময় সেখানে থাকা অভিভাবকেরা হরতালের কারণে পরীক্ষা পেছানো এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আতঙ্ক ও উদ্বেগ প্রকাশ করেন। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান দিলারা হাফিজ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন প্রমুখ।
গতকাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পাঠানো বিজ্ঞপ্তির তথ্যানুসারে, এবার সারা দেশে আটটি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি ও জেডিসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৯ লাখ ৯৯ হাজার ২৬১ জন। এর মধ্যে প্রথম দিনে অনুপস্থিত ছিল ৪৬ হাজার ৪০ জন। এর মধ্যে ঢাকা বোর্ডে ১২ হাজার ৭৩৮ জন, রাজশাহী বোর্ডে তিন হাজার ২৯০ জন, কুমিল্লা বোর্ডে তিন হাজার ৫৪২ জন, যশোর বোর্ডে তিন হাজার ৪৯৭ জন, চট্টগ্রাম বোর্ডে দুই হাজার ৯৫ জন, সিলেট বোর্ডে এক হাজার ৮৩২ জন, বরিশালে দুই হাজার ২০৫ জন, দিনাজপুরে দুই হাজার ৫৯৮ জন এবং মাদ্রাসা বোর্ডে ১৪ হাজার ২৪৩ জন রয়েছে। মাদ্রাসা বোর্ডের চারজনসহ বহিষ্কৃত হয়েছে পাঁচজন।
জেএসসি-জেডিসি পরীক্ষা শেষ হলে ২৩ নভেম্বর শুরু হবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। হরতালের কারণে এই পরীক্ষা নিয়েও অভিভাবকেরা উদ্বিগ্ন। মোহাম্মদপুরে রেসিডেনসিয়াল মডেল স্কুলের সামনে বেশ কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা হয়। তাঁরা এই উদ্বেগ এবং পরীক্ষার এই সময়ে হরতাল না দিতে রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ জানান।
এই অভিভাবকদের একজন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আহমেদুজ্জামান ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘একেকটা হরতালের কারণে লাখ লাখ ছাত্রছাত্রীকে দুর্ভোগ পোহাতে হয়। এতে শিশুদের মধ্যে প্রচণ্ড চাপ পড়ে। রাজনৈতিক দল ও নেতাদের কাছে অনুরোধ, তাঁরা যদি আসলেই মানুষের জন্য রাজনীতি করেন, তবে আমাদের এভাবে জিম্মি করবেন না।’
এদিকে অভিভাবক ঐক্য ফোরাম গতকাল এক বিজ্ঞপ্তিতে জেএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস না হওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে। তবে পরীক্ষার হলের ভেতরে শিথিলতায় উদ্বেগ প্রকাশ করা হয়। পরীক্ষা চলাকালে হরতাল না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানিয়েছে সংগঠনটি।