ছুটির দিনেও যানজটে নাকাল নগরবাসী
বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা আল আমিন গতকাল শনিবার বেলা ১১টার দিকে মিরপুর ১২ নম্বর থেকে মতিঝিলে যাওয়ার জন্য বাসে ওঠেন। সেখানে পৌঁছাতে তাঁর সময় লেগেছে পৌনে দুই ঘণ্টা।সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবু রায়হানের মোহাম্মদপুর থেকে বাসে গুলিস্তানে যেতে সময় লাগে দেড় ঘণ্টা। তিনিও ১১টার সময় মোহাম্মদপুর থেকে বাসে ওঠেন।আলাপকালে আল আমিন ও রায়হান জানালেন, সরকারি ছুটির দিনে এই দূরত্বে পৌঁছাতে তাঁদের সময় লাগে ৪০ থেকে ৪৫ মিনিট। গতকাল সরকারি ছুটির দিনেও রাজধানীবাসীকে যানজটে নাকাল হতে হয়েছে। নগরের বিভিন্ন স্থানে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে মানুষের নাভিশ্বাস ওঠে।এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মো. মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, কয়েকটি কারণে গতকাল রাজধানীতে যানজটের সৃষ্টি হয়েছিল। এর মধ্যে আছে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির চলাচল, রাজনৈতিক কর্মসূচি, একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে কর্মসূচি ও রাস্তা মেরামত। এর প্রভাব পড়ে রাজধানীজুড়ে। একাধিক সূত্র জানায়, গতকাল বেলা ১১টার পর রাষ্ট্রপতির চলাচলের কারণে বঙ্গভবন থেকে তেজগাঁও এলাকা পর্যন্ত প্রধান সড়ক বন্ধ রাখা হয় বেশ কিছুক্ষণ। এ কারণে আধঘণ্টারও বেশি সময় এসব সড়কসংলগ্ন সংযোগ সড়কগুলোতে যান চলাচল বন্ধ থাকে। এর প্রভাব পড়ে রাজধানীর বিভিন্ন সড়কে। প্রায় একই সময় আজিমপুরে গার্হস্থ্য অর্থনীতি কলেজের সামনের প্রধান সড়কে দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এ সময় আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। বেলা একটার দিকে বিজয়নগরে একটি জিপে আগুন ও কয়েকটি গাড়ি ভাঙচুর করে আজ রোববারের অবরোধ সমর্থনকারীরা। এ সময় বিজয়নগর প্রধান সড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। এতে আশপাশের সড়কে যান চলাচল কিছুক্ষণ বন্ধ থাকায় এর প্রভাব পড়ে অন্য সড়কগুলোতে।গতকাল ভিকারুননিসা নূন স্কুলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের চারদিকে গাড়ি রাখা ও অভিভাবকদের ভিড়ের কারণে রমনা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে তেজগাঁওয়ের রেইনবো ক্রসিংয়ে রাস্তা মেরামতের কারণে রাস্তা সংকুচিত হয়ে গেছে। আগে তিন থেকে চারটি গাড়ি পাশাপাশি চলাচল করতে পারলেও গতকাল এ সড়কে একটির বেশি গাড়ি চলতে পারেনি। এ কারণে গাড়ির গতি কমে যাওয়ায় দিনভর যানজট লেগে ছিল।গতকাল দুপুরের পর নগরের বিভিন্ন স্থান থেকে আওয়ামী ও যুবলীগের খণ্ড খণ্ড মিছিল বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের দলীয় কার্যালয় অভিমুখে রওনা হয়। নগরবাসীর কেউ কেউ মনে করছেন, আজ রোববার ১৮ দলীয় জোটের রাজপথ অবরোধের কর্মসূচি থাকায় অনেকেই প্রয়োজনীয় কাজ গতকাল সেরে ফেলেছেন। এ কারণে রাস্তায় যানবাহনের বাড়তি চাপ ছিল।ডিএমপির ট্রাফিক (দক্ষিণ) বিভাগের উপকমিশনার আলমগীর কবির প্রথম আলোকে বলেন, বিকেলে রাজনৈতিক কর্মসূচির কারণে বিভিন্ন রাস্তায় যান চলাচলে ব্যাঘাত ঘটে।