ছুরি-চাপাতির চড়া দাম বিকোচ্ছে প্রচুর
কামারশালায় কারিগরেরা এখন দারুণ ব্যতিব্যস্ত। হাপরে তপ্ত লোহা পিটিয়ে তৈরি করছেন ছুরি-চাকু-চাপাতি। বাজারে চাহিদাও প্রচুর। হাটে কোরবানির পশু যেমন বিকোচ্ছে, তেমনি জমে উঠেছে ছুরি-চাপাতির ব্যবসাও। এর সঙ্গে মাংস কাটায় ব্যবহূত কাঠের টুকরা ও হোগলার চাহিদাও যথেষ্ট রাজধানীর বাজারে। তবে গত বছরের চেয়ে ছুরি-চাপাতির দাম এবার বেশ চড়া। রাজধানীর কারওয়ান বাজারে আছে প্রায় ৩৫টি কামারশালা। সেখানে ছুরি-চাপাতিসহ বিভিন্ন লৌহসামগ্রী বিক্রি হয়। গতকাল রোববার হরতালের দিনেও দেখা গেল কোরবানি ঈদকে সামনে রেখে তাঁদের ব্যস্ততার শেষ নেই। পশু জবাই ও মাংস কাটার জন্য ছুরি-চাপাতি অপরিহার্য। তাই কামারশালায় ক্রেতার ভিড় প্রচুর। তাঁদের অনেকে এসেছেন নতুন কিনতে, কেউবা পুরোনো ছুরি-চাপাতিতে শাণ দিতে। কামারশালা ও আশপাশের দোকনগুলোতে পশু জবাই ও মাংস কাটার কাজে ব্যবহূত নানা ধরনের ছুরি, চাপাতি, দা, বঁটি, চায়নিজ কুড়ালসহ কাঠের ফালি ও হোগলা সাজিয়ে রাখা হয়েছে। বিক্রেতারা জানালেন, সারা বছরে যত ছুরি-চাপাতি বিক্রি হয়, তার বেশির ভাগই বিক্রি হয় কোরবানি ঈদে। চাহিদা বেশি থাকায় এ সময় দাম কিছুটা বাড়তি থাকে।রাজধানীর কারওয়ান বাজারে এক কামারশালার কর্মচারী নূরুল ইসলাম জানান, তাঁদের প্রতিষ্ঠানে নয়জন শ্রমিক আছেন। তাঁরা ১৫-২০ দিন ধরে দা, বঁটি, ছুরি-চাপাতি, চাকু তৈরি করে যাচ্ছেন। কারওয়ান বাজার থেকে ঢাকার অন্যান্য এলাকার বাজারেও ছুরি-চাকু-বঁটির চালান যায়। কারওয়ান বাজারের কামারপট্টি ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি সেলিম মিয়া জানান, কোরবানির ওপর নির্ভর করে ছুরি-চাপাতির বিক্রির পরিমাণ ওঠানামা করে। এবার পশু কোরবানি যদি কম হয়, তবে তাঁদের পণ্যের বিক্রিও কম হবে। অ্যানথ্রাক্সের কারণে পশুর বাজারে যেমন নেতিবাচক প্রভাব পড়েছে, তার প্রভাব তাঁদের বাজারেও পড়ার আশঙ্কা রয়েছে। ছুরি-চাপাতির দাম বাড়ার কারণ সম্পর্কে তিনি জানান, গত বছর প্রতি বস্তা কয়লার দাম ছিল ৩০০ টাকা। কিন্তু এ বছর তা বিক্রি হচ্ছে ৫০০-৭০০ টাকা পর্যন্ত। সে কারণেই দাম বেড়েছে। এ ছাড়া এই শিল্পে প্রচুর শ্রম দিতে হয় বলে শ্রমিকের মজুরিও তুলনামূলক বেশি। গতকাল বিকেলে কামারপট্টি থেকে চাকু কিনছিলেন কারওয়ান বাজারের ব্যবসায়ী জুয়েল রানা। বিক্রেতা ছোট দুটি চাকুর দাম হাঁকান ১৮০ টাকা। পরে দরদাম করে ১৫০ টাকায় কিনে নেন। জুয়েল রানা বলেন, ঈদের সময় নতুন করে ছুরি-চাকু অথবা দা-বঁটি কিনতে হয়। কারওয়ান বাজারের ছুরি-চাপাতি বিক্রেতা মেহান মিয়া জানান, এবার চাপাতি ৩০০-৪০০, চাকু ৫০-৬০, জবাই ছুরি ৪০০-৫০০, কোপ ছুরি ১০০-১২০, দা ১৫০-৪৫০, ভালো মানের বঁটি ৬০০, অন্যান্য বঁটি ২০০-৩০০ ও ছোট বটি ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিটি চায়নিজ কুড়াল ৪০০-৬০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কারওয়ান বাজারের মতো একসঙ্গে এত কামারশালা রাজধানীর অন্য কোথাও নেই। গাবতলীর পশুরহাট, নয়াবাজার, খিলগাঁও ও রাজধানীর বাইরে টঙ্গীতেও অল্প কিছু কামারশালা আছে। সেখানেও ব্যস্ততা প্রচুর। কারওয়ান বাজারে কামারশালার পাশেই গড়ে উঠেছে মাংস কাটতে ব্যবহূত কাঠের ফালি (খ্যাইটা) ও হোগলার দোকান। কাঠের ফালি বিক্রেতা আবুল কালাম জানান, প্রতিটি বড় কাঠের ফালি ২৫০-৩০০ এবং ছোট কাঠের ফালি ৩০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিবছর তিনি ৩০০-৪০০ ফালি বিক্রি করেন। হোগলা বিক্রেতা মোহাম্মদ আলম জানান, প্রতিটি হোগলা ১০০ টাকায় বিক্রি হচ্ছে। ঈদের সময় ৪০০-৫০০ হোগলা বিক্রি হয় বলে তিনি জানালেন।