ছুরিকাঘাতে কিশোর খুন
যাত্রাবাড়ীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আলমগীর হোসেন (১৮) নামের এক কিশোর খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ ধলপুর এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করেছে।হত্যাকাণ্ড সম্পর্কে পরিবারের দাবি, আলমগীর পান-সিগারেটের ব্যবসা করতেন এবং পুলিশের সোর্স হিসেবে কাজ করায় বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করেছে। নিহত আলমগীরের ভগ্নিপতি মোহাম্মদ নাসির প্রথম আলোকে জানান, তিন-চার মাস আগে জাহিদুল, আইদুলসহ কয়েকজনকে বোমাসহ পুলিশে ধরিয়ে দেয় আলমগীর। এ নিয়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা থানায় বসেই আলমগীরকে হত্যার হুমকি দেয়। গত ১০ থেকে ১৫ দিন আগে জাহিদুল জামিনে মুক্তি পায়। খুনের ঘটনায় আলমগীরের মা জমিলা বেগম বাদী হয়ে জাহিদুল, আইদুলসহ পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম প্রথম আলোকে জানান, আলমগীর সরাসরি পুলিশের সোর্স ছিলেন না। সোর্সদের সহযোগী হয়ে কাজ করতেন।