ছুরিকাঘাতে পোশাকশ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে মিজানুর রহমান (৩৫) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।গত রোববার রাতে মিজানুর রহমানকে ছুরিকাঘাত করা হয়। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মিজান বগুড়া থেকে বাসযোগে রোববার দিবাগত রাত দুইটার দিকে ঢাকায় আসেন। রাতে ক্যান্টনমেন্টের কচুক্ষেত এলাকায় স্থানীয় লোকজন ছুরিকাহত অবস্থায় তাঁকে উদ্ধার করে এবং বাসায় পৌঁছে দেয়। পরে চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।পুলিশ ধারণা করছে, মিজানুর রহমান বগুড়া থেকে এসে গাবতলীতে বাস থেকে নামেন। তিনি উত্তর মুগদাপাড়ায় বাসায় যাওয়ার জন্য হয়তো সিএনজিচালিত অটোরিকশা অথবা ট্যাক্সিক্যাবে উঠেছিলেন। পথে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাত করে কচুক্ষেত এলাকায় ফেলে দিয়ে পালিয়ে যায়।পারিবারিক সূত্র জানায়, মিজানুর রহমানের গ্রামের বাড়ি বগুড়ায়। উত্তর মুগদাপাড়ার ৩৮/৩/এ নম্বর বাড়িতে ভাড়া থাকতেন। তাঁর বাবার নাম লালমিয়া।