‘আমার ছেলে অনেক সচেতন, যত্নবান ও বিচক্ষণ ছিল। ওর তো এভাবে হেডফোন লাগিয়ে রেললাইনের পাশ দিয়ে হাঁটার কথা না। আসলে কী কারণে হলো, তা বুঝতে পারছি না!’ ট্রেনের ধাক্কায় মারা যাওয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র তানভীরের বাবা মোহাম্মদ আলী গওহর গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে এসব কথা বলেন। কান্নায় ভেঙে পড়ে তিনি জানান, গত বুধবার রাত ১১টায় কুমিল্লা সদর উপজেলার কালিয়াজুড়িতে তানভীরকে দাফন করা হয়েছে।
তানভীর ছিলেন মা-বাবার একমাত্র ছেলে। বাবা-মায়ের চোখে তিনি ছিলেন সচেতন, যত্নবান ও বিচক্ষণ। মাত্র এক বছর পরে প্রকৌশলী হয়ে বের হওয়ার কথা ছিল। কিন্তু ক্ষণিকের অসাবধানতায় সব শেষ হয়ে যায়। এর জন্য দায়ী কানের হেডফোন—এমনটাই বলছেন ঘটনার প্রত্যক্ষদর্শীরা।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে টিউশনি করার জন্য বাসা থেকে বের হওয়ার পর রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেটের কাছে ট্রেন দুর্ঘটনার শিকার হন তানভীর। গতকাল ওয়্যারলেস গেট থেকে প্রায় ১০০ গজ পূর্ব দিকের ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সবকিছুই স্বাভাবিক নিয়মে চলছে। রেললাইনের এক পাশে বস্তি আর অন্য পাশে একটি রিকশার গ্যারেজ। রেললাইনের ওপরই খেলছে শিশুরা।
ঘটনাস্থলের ঠিক পাশেই আমিনুল ইসলামের চায়ের দোকান। তাঁর চোখের সামনেই ঘটনাটি ঘটে। প্রথম আলোকে তিনি বলেন, ‘রেললাইনের স্লিপারের কিনার ধরে হাঁটছিল ছেলেটি। এক স্লিপার থেকে আরেক স্লিপারে পা দিচ্ছিল। কানে ছিল হেডফোন। পেছন থেকে ট্রেন আসার শব্দ তাই হয়তো শোনেনি। ট্রেনটি ঠিক কাছাকাছি চলে এলে আশপাশ থেকে অনেকেই চিৎকার করে ওঠে। কিন্তু তাও শোনেনি ছেলেটি। ট্রেনের ইঞ্জিনের সামনের বাড়তি অংশের ধাক্কায় পরমুহূর্তেই ছিটকে পড়ে সে।’
দোকানে বসে থাকা বয়স্ক মকবুল হোসেন বললেন, ‘পড়ে যাওয়ার পরও কানে কালা রঙের হেডফোন আছিল।’
তানভীরের কাছে থাকা মুঠোফোন নিয়ে আশপাশের লোকজন তাঁর পরিবারকে জানালে পাশের ১৭১ বড় মগবাজারের বাসা থেকে ছুটে আসেন তাঁর মা। তানভীরকে প্রথমে মালিবাগের একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।