ছেলে প্রশাসনের হাতে আছে বলে ধরে নিচ্ছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে অপহৃত চিকিৎসক ইকবাল মাহমুদের বাবা এ কে এম নুরুল আলম বলেছেন, তিনি ধারণা করছেন, তাঁর ছেলে ‘প্রশাসনের’ কাছে আছেন। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে এ কে এম নুরুল আলম বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যাভয়েড (এড়িয়ে যাচ্ছে) করছে। সন্দেহ আসেই। কারণ, যে জায়গা থেকে আমার ছেলেকে তুলে নিয়ে যাওয়া হয়, সেখানে পুলিশের গাড়ি ছিল। অন্য কেউ নিলে পুলিশ তাৎক্ষণিক অ্যাকশনে যেত।’ তিনি আরও বলেন, ছেলেকে খোঁজার নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা করছে, তাতে তিনি সন্তুষ্ট নন। পুলিশ, র‍্যাব তাঁকে ও আদালতকে জানিয়েছে, তারা কমিটি করেছে। বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছে। কিন্তু ঘটনাস্থলে থাকা একটি মাইক্রোবাস, একটি মোটরসাইকেল ও পুলিশের গাড়ি সম্পর্কে কিছু বলেনি। ওই যানবাহনগুলো সায়েন্স ল্যাবরেটরি থেকে কোন দিকে গেছে, সে সম্পর্কে দুমাস পরও কোনো তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রকাশ করেনি।

এ কে এম নুরুল আলম বলেন, গতকাল তাঁর সংবাদ সম্মেলনের উদ্দেশ্য গোয়েন্দা বাহিনীকে উদ্ধৃত করে একটি পত্রিকায় তাঁর অপহৃত ছেলে বিষয়ে প্রকাশিত দুটি প্রতিবেদন নিয়ে কথা বলা। ওই প্রতিবেদনে ‘গোয়েন্দা’ বাহিনীর অনামা সূত্র ব্যবহার করে দাবি করা হয়েছে, ইকবাল মাহমুদ জঙ্গিবাদে জড়িত। তাঁর পেনড্রাইভ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। নুরুল আলম বলেন, জঙ্গিবাদে তাঁর ছেলের সংশ্লিষ্টতার বিষয়ে কোনো তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ এখন পর্যন্ত তাঁকে বা আদালতকে জানায়নি। তিনি দাবি করেন, ছেলে স্নাতকোত্তর পড়ালেখায় ব্যস্ত থাকায় অন্য কোনো দিকে মনোযোগ দেওয়ার সময় তাঁর ছিল না।