ছেলে হত্যার বিচার চাইলেন বাবা-মা
সংবাদ সম্মেলন করে ছেলে হত্যার বিচার চাইলেন গাজীপুরের বাসিন্দা আবু জাফর ও আছিয়া খাতুন নামের এক দম্পতি। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে তাঁরা এ সংবাদ সম্মেলন করেন। দম্পতির অভিযোগ, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাঁদের গ্রেপ্তার করছে না। আবু জাফর ও আছিয়া খাতুন সাংবাদিকদের বলেন, তাঁরা গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা এলাকার বাসিন্দা। গত ৫ জুলাই এলাকার বাবুল শেখ নামের একজন তাঁদের ছোট ছেলে জাহিদুল আলমকে (২০) চাকরি দেওয়ার কথা বলে দিনাজপুরে নিয়ে যান। দুই দিন পর ৭ জুলাই সানোয়ার সরকার নামের একজন ফোন করে জানান, জাহিদুল আত্রাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছেন। পরে গত ১১ জুলাই ভারতের সীমানা থেকে জাহিদুলের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। আবু জাফর বলেন, দিনাজপুর সদরে সানোয়ারের একটি কারখানা আছে। সেখানে জাহিদুল চাকরি করত। কিন্তু বেতন ঠিকমতো না দেওয়ায় সে চাকরি ছেড়ে দেয়। এ নিয়ে সমস্যা সৃষ্টি হলে বাবুল শেখ অনেকটা জোরপূর্বক জাহিদুলকে আবার দিনাজপুরে নিয়ে যান। আবু জাফর অভিযোগ করেন, বাবুল শেখ, সানোয়ারসহ কয়েকজন মিলে তাঁর ছেলেকে হত্যা করেছে। এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলা করা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। অথচ আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার এসআই জিয়াউল ইসলাম প্রথম আলোকে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।