ছোটদের ছুরিকাঘাতে আহত বড়রা
বড়-ছোটর দ্বন্দ্বের জের ধরে রাজধানীর দনিয়া বর্ণমালা আদর্শ স্কুল অ্যান্ড কলেজে গতকাল বৃহস্পতিবার মারামারির ঘটনা ঘটেছে। এতে ওই বিদ্যালয়ের দশম শ্রেণির তিন ছাত্রকে ছুরিকাঘাত করে আহত করেছে নবম শ্রেণির এক ছাত্র। হামলাকারী নবম শ্রেণির এক ছাত্রকে পুলিশের কাছে সোপর্দ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
আহত ছাত্ররা হলো মেরাদুল আবেদিন মিরাজ (১৫), আবদুল আহাদ (১৬) ও মেহেদি হাসান (১৬)। তারা স্কুলের দশম শ্রেণির ছাত্র। এর মধ্যে আবদুল আহাদ ও মেহেদি হাসান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। মেরাদুল হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
আহত ছাত্ররা হাসপাতালে সাংবাদিকদের জানায়, নবম শ্রেণির ছাত্র সাব্বির হোসেনের সঙ্গে সকালে তাদের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে বেলা তিনটার দিকে স্কুল থেকে ফেরার পথে সাব্বিরসহ তার সহপাঠীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় মিরাজের বাঁ হাত ও বুকের বাঁ পাশে, আহাদের বাঁ ঊরুতে ও মেহেদির হাতে ছুরির আঘাত লাগে।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফণীভূষণ মিত্র প্রথম আলোকে বলেন, জ্যেষ্ঠতা ও কনিষ্ঠতার দ্বন্দ্বের জেরেই ঘটনাটি ঘটেছে। বিদ্যালয়ের পার্শ্ববর্তী নূরপুর এলাকায় তারা মারামারি করে। এরপর ৩০-৪০ জন ছেলে মিলে সাব্বিরকে মারধর করছিল। তখন তাকে উদ্ধার করে বিদ্যালয়ে নিয়ে আসা হয়। তার অভিভাবকদের ডাকা হয়। ক্ষুব্ধ ছাত্রদের হাত থেকে রক্ষা করতেই সাব্বিরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী রাতে প্রথম আলোকে বলেন, সাব্বির পুলিশের হেফাজতে রয়েছে। আহত ছাত্রদের অভিভাবকদের ডাকা হয়েছে। তারা জানিয়েছেন, মামলা করবেন। মামলা হলে সাব্বিরকে গ্রেপ্তার করা হবে।