ছোটদের দেয়ালিকায় কবিগুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অরণি বিদ্যালয়ের ছোট ছোট ছেলেমেয়েরা খেয়ালখুশিমতো এঁকেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি l প্রথম আলো
অরণি বিদ্যালয়ের ছোট ছোট ছেলেমেয়েরা খেয়ালখুশিমতো এঁকেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি l প্রথম আলো

রাজধানীর লালমাটিয়ায় অরণি বিদ্যালয়ের স্কুলগেটের বাইরে একটি বোর্ড টানানো। বাচ্চাকে স্কুল থেকে আনতে গিয়ে অভিভাবকেরা বোর্ডের সামনে গেলে তাঁদের মুখ উজ্জ্বল হয়ে উঠছে। অনেকে হেসে উঠছেন। একজন অভিভাবক বললেন, রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে নিজেই নিজেকে চিনতে পারতেন না।
গত রোববার ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী। রবীন্দ্রনাথকে স্মরণ করতে স্কুলের শিক্ষার্থীরা যেসব আয়োজন করে, ওই বোর্ড তার স্বাক্ষর।
বোর্ডে টানানো ছবি ও লেখার বিষয় রবীন্দ্রনাথ। স্কুলের প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা মনের মতো করে এঁকেছে রবীন্দ্রনাথকে। লেখনীতে তুলে ধরেছে কবির জীবনী। ছবিতে প্যান্ট-শার্ট গায়ে দেওয়া ছোট রবীন্দ্রনাথও আছে। কোনো কোনো জায়গায় অনেকটাই স্পষ্ট রবীন্দ্রনাথের আদল। আবার কোনোটায় কোমরে হাত দেওয়া, গোঁফওয়ালা রবীন্দ্রনাথকে চেনা মুশকিল। তাতে কী? অভিভাবকেরা হেসে ফেলছেন, তবে নিজেদের সন্তানদের কল্পনাপ্রতিভা দেখে মুগ্ধতাও প্রকাশ করছেন।
শিক্ষার্থী অরণি লিখেছে, ‘আমাদের জন্য রবীন্দ্রনাথ অনেক বই লিখেছেন। এর মধ্যে গল্পগুচ্ছ প্রধান।’ এতে সে অন্যান্য বইয়েরও নাম লিখেছে।
একজন লিখেছে, ‘রবীন্দ্রনাথ বাঙালির প্রাণের মানুষ। বাঙালি তার হৃদয়ের সব আবেগ, অনুভূতির ভাষা খুঁজে পায় রবীন্দ্রনাথের রচনায়।’ ছোট ছোট শিক্ষার্থীরা রবীন্দ্রনাথের জীবনের নানান দিক নিয়েও লিখেছে।
ছোটদের এ দেয়ালিকা সম্পর্কে অরণি স্কুলের সহকারী প্রধান শিক্ষক নিনা ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘ক্লাসে বাচ্চাদের সামনে রবীন্দ্রনাথের বড় বড় ছবি রাখা হয়। তাদের বলা হয়, রবীন্দ্রনাথ সম্পর্কে তোমাদের যা মনে আসে, তাই আঁকো ও লিখো। ওরা নিজেদের মতো করে এঁকেছে।’  
নিনা ভূঁইয়া জানালেন, রবীন্দ্রনাথকে নিয়ে বাচ্চাদের আঁকা আরও ছবি ও লেখা নিয়ে আরেকটি বোর্ড টানানো হবে।