ছোটমণি নিবাসে ফাইজা আদরে বড় হচ্ছে

কুচকুচে কালো বড় দুটি চোখ। ভ্রু কিছুটা কুঁচকানো। মনে হয় কত চিন্তা। নাক ও ঠোঁটের যে ক্ষত, এখন আর ততটা চোখে লাগে না। দুই আঙুলের মাথাও শুকিয়ে গেছে। কাজ বলতে এখন খাওয়া আর ঘুম। এই হলো কুকুরের হাত থেকে বেঁচে যাওয়া শিশু ফাইজা।
রাজধানীর আজিমপুরে ছোটমণি নিবাসের নতুন ঠিকানায় ফাইজা ভালো আছে। সমাজসেবা অধিদপ্তর পরিচালিত এ নিবাসের অন্য ছোটমণিদের সঙ্গে থাকছে ও। গোলাপি ছোট একটি মশারি আর আলাদা ছোট বিছানার মালিকও সে। দেড় মাস বয়সী ফাইজা সবার ছোট বলে অন্য ছোটমণিদের থেকে খানিকটা বেশিই আদর পাচ্ছে।
গতকাল মঙ্গলবার দুপুরে ছোটমণি নিবাসে গিয়ে দেখা যায়, ফাইজাকে দুধ খাওয়ানো হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক ফাইজা ও নিবাসে থাকা অন্যদের দেখতে এসেছেন। ওদের জন্য শীতের কাপড় এনেছেন। ফাইজাকে পরম মমতায় বিছানায় শুইয়ে দিতে দিতে তিনি বললেন, ‘এখানে এই বাচ্চাদের কাছে আসি আত্মার খোরাক জোগানোর জন্য।’
ছোটমণি নিবাসের উপতত্ত্বাবধায়ক সেলিনা আক্তার জানালেন, টিকা দেওয়ার জন্য ৪ নভেম্বর ফাইজাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার নবজাতক ও শিশু বিভাগের চিকিৎসকেরা তাকে দেখেন। ওর এখন ওজন হয়েছে সাড়ে তিন কেজি।
জন্মের পরপরই ফাইজাকে কে বা কারা গত ১৫ সেপ্টেম্বর রাজধানীর শেওড়াপাড়ার কাছে পুরোনো বিমানবন্দরের রানওয়ের পাশে সিমেন্টের বস্তায় ভরে ফেলে গিয়েছিল। এ সময় কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত হয় তার ঠোঁট ও নাকের বেশ খানিকটা অংশ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগের প্রধান অধ্যাপক আবিদ হোসেন মোল্লা প্রথম আলোকে বলেন, ফাইজাকে হাসপাতালে আনা হয়েছিল। ও এখন ভালো আছে। ওজনও বেড়েছে। শরীরে হিমোগ্লোবিন একটু কম মনে হয়েছে। আগামী মাসে আবার ওকে হাসপাতালে আনা হবে। তখন পরবর্তী ব্যবস্থাপত্র জানিয়ে দেওয়া হবে।