ছোট বোনের জানাজায় অংশ নিলেন প্যারোলে মুক্ত গোলাম আযম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যারোলে মুক্তি পেয়ে ছোট বোনের জানাজায় অংশ নিলেন মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন গোলাম আযম। জামায়াতে ইসলামীর সাবেক এই আমির গতকাল শনিবার দেড় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান।ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মাহাবুবুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘জানাজায় অংশ নেওয়ার জন্য সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। রাত আটটার দিকে তাঁকে আবার কারাগারে ফিরিয়ে আনা হয়েছে।’গতকাল সকালে গোলাম আযমের ছোট বোন জান্নাত আরা (৭০) বার্ধক্যজনিত কারণে রাজধানীর বড় মগবাজারের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গোলাম আযমকে তাঁর জানাজায় অংশ নেওয়ার সুযোগ দিতে পরিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্যারোলে মুক্তির আবেদন জানায়। বিকেলে গোলাম আযমের আইনজীবী তাজুল ইসলাম জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁর প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেছে। তিনি বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মুক্ত থাকবেন। তবে কারা কর্তৃপক্ষ জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি পৌঁছাতে দেরি হওয়ায় গোলাম আযমকে সাড়ে ছয়টার দিকে মুক্তি দেওয়া হয়।গোলাম আযম বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কারাকক্ষে আটক আছেন। চলতি বছরের ১১ জানুয়ারি তিনি মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হন।