ছোট বোনের সাজা ভোগ করলেন বড় বোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাম নিয়ে বিভ্রাট। সে কারণে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে। বড় বোনের নাম শুধুই লাকি। আগে-পরে কিছু নেই। তাঁর ছোট বোনের নাম মুক্তা বেগম। কিন্তু পাসপোর্টে ছোট বোন নিজের নাম দিয়েছেন লাকি আক্তার মুক্তা। এখানেই বিপত্তি। নামের সঙ্গে মিল থাকায় তিন মাস জেল খাটতে হয়েছে বড় বোন লাকিকে।
আদালতের নথি ও পুলিশ সূত্রে জানা গেছে, ছোট বোন মুক্তা সোনা চোরাচালান মামলার আসামি। পাসপোর্টে উল্লিখিত লাকি আক্তার মুক্তার নামে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু গত বছরের ১৭ নভেম্বর পুলিশ প্রকৃত আসামি ছোট বোন লাকি আক্তার মুক্তাকে গ্রেপ্তার না করে বড় বোন লাকিকে গ্রেপ্তার করে আদালতে চালান দেয়। সেই থেকে তিনি কারাগারে। এরপর মূল আসামি লাকি আক্তার মুক্তা গতকাল বৃহস্পতিবার ঢাকার আদালতে আত্মসমর্পণ করে বলেন, ‘মাননীয় আদালত, আমি মামলার প্রকৃত আসামি। আমার বোন লাকি নির্দোষ। তাঁকে মুক্তি দিন।’ আসামির এমন বক্তব্যের পর ঢাকার ১৬ নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আবুল কাসেম নির্দোষ বড় বোন লাকিকে মুক্তি দেওয়ার আদেশ দেন। কারাগারে পাঠান ছোট বোন মুক্তাকে।
আদালতের আদেশে বলা হয়েছে, ‘মূল আসামি লাকি আক্তার মুক্তা স্বেচ্ছায় আত্মসমর্পণ করায় এটি স্পষ্ট যে আগে গ্রেপ্তার লাকি মামলার আসামি নন। তাই তাঁকে মুক্তির আদেশ দেওয়া হলো। আর মামলার প্রকৃত আসামি লাকি আক্তার মুক্তাকে কারাগারে পাঠানো হোক।’
নিরপরাধ লাকি আদালত এলাকায় কান্নায় ভেঙে পড়েন। পরে তিনি প্রথম আলোকে বলেন, ‘যখন আমাকে গ্রেপ্তার করা হয়, তখন আমি পুলিশকে বারবার বলছিলাম, আমার নাম শুধুই লাকি। আসামি না। আমি নিরপরাধ। আমার ছোট বোন আসামি। ওর নাম লাকি আক্তার মুক্তা। আমাকে আপনারা গ্রেপ্তার করতে পারেন না। এরপরও আমাকে গ্রেপ্তার করে পুলিশ। সেই থেকে আমি জেল খাটছি। আমি এর বিচার চাই।’
নিরপরাধ লাকিকে গ্রেপ্তার করে আদালতে চালান দিয়েছিলেন যাত্রাবাড়ী থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) শামসুল হক। কেন নিরপরাধ লাকিকে গ্রেপ্তার করা হলো—এমন প্রশ্নের জবাবে এএসআই শামসুল হক প্রথম আলোকে বলেন, ‘বড় বোনের নাম লাকি। আবার ছোট বোনের নামের এক জায়গায় লাকি রয়েছে। এই দুজনের স্বামীর নামেরও কিছু মিল আছে। বড় বোনের স্বামীর নাম হারুন দেওয়ান আর ছোট বোনের স্বামী হারুন-অর-রশীদ। নামের মিল থাকায় লাকিকে গ্রেপ্তার করে আদালতে চালান করি।’
নথি থেকে জানা যায়, গত বছরের ১২ এপ্রিল এক কেজি সোনাসহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হন লাকি আক্তার মুক্তা। পরে তাঁর নামে বিমানবন্দর থানায় মামলা হয়। ওই বছরের ৯ জুলাই জামিন হয় লাকি আক্তার মুক্তার। এর পরপরই তিনি ছাড়া পান। এ নিয়ে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর ওই বছরের ৩০ আগস্ট লাকি আক্তার মুক্তার জামিন বাতিল করেন হাইকোর্ট। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। পরে বিচারিক আদালত লাকি আক্তার মুক্তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এই পরোয়ানার সূত্র ধরে যাত্রাবাড়ী থানার পুলিশ নিরপরাধ লাকিকে গ্রেপ্তার করে জেলে পাঠায়।