ছোট শহরের উন্নয়ন হলে বড় শহরে চাপ কমবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে তা বাস্তবায়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য নগর উন্নয়ন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে কারিগরি জ্ঞানসম্পন্ন লোকবল বাড়ানোর জন্য সুপারিশ করেছেন একটি সেমিনারে অংশ নেওয়া বক্তারা। একই সঙ্গে তাঁরা পরিকল্পিতভাবে ছোট ও মাঝারি শহরের উন্নয়ন করে বড় শহরের ওপর থেকে চাপ কমাতে পরামর্শ দেন।
গতকাল রাজধানীর প্ল্যানার্স টাওয়ারে বিশ্ব নগর-পরিকল্পনা দিবস উপলক্ষে এ সেমিনারের আয়োজন করে নগর পরিকল্পনাবিদ পেশাজীবীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)।
সেমিনারে বক্তারা বলেন, গণপূর্ত অধিদপ্তর, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, হাউস বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষসহ দেশের সব নগর উন্নয়র কর্তৃপক্ষের কার্যালয়ে কারিগরি জ্ঞানসম্পন্ন জনবলের তীব্র অভাব রয়েছে। পরিকল্পিত নগরায়ণের জন্য যা একটি বড় প্রতিবন্ধক।
এসব বক্তব্যের পরিপ্রেক্ষিতে সেমিনারের প্রধান অতিথি বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, ‘সঠিক জায়গায় সঠিক লোক বসানোর ব্যাপারে প্রয়োজনে আমি গণপূর্তমন্ত্রীর সঙ্গে কথা বলব, কেবিনেটে কথা বলব।’ এ ব্যাপারে প্রকৌশলী, স্থপতি, পরিকল্পনাবিদসহ সংশ্লিষ্ট পেশাজীবীদের একাত্ম হওয়ার আহ্বান জানান তিনি।
সেমিনারের বিশেষ অতিথির বক্তব্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান নগর উন্নয়নে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেন। তাঁর মতে, এ জন্য অর্থনীতিবিদ, পরিকল্পনাবিদ, প্রযুক্তিবিদ ও মানুষের চাহিদার সমন্বয় জরুরি।
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. কবীর আহমেদ ভূঁইঞা বলেন, রাজউকের যে জনবল তার অর্ধেক হওয়া দরকার পরিকল্পনাবিদ, প্রকৌশলী। কিন্তু এটি যাঁরা পরিচালনা করছেন তাঁদের কারিগরি কোনো জ্ঞানই নেই। তিনি বলেন, ছোট শহরের উন্নয়ন হলে বড় শহরের ওপর চাপ কমে যাবে।
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান এ এম নেয়াজউদ্দীন অভিযোগ করে বলেন, ‘বিক্ষিপ্ত আবাসন পুরো সমাজটাকেই গ্রাস করছে। সমন্বিতভাবে কাজ হচ্ছে না। আমরা বাংলাদেশের খুব কম মানুষ বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের কাজ সম্পর্কে জানি। নগর পরিকল্পনা অধিদপ্তরের খুব কাজ আমরা দেখি না।’
মুক্ত আলোচনা পর্বে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিব বলেন, এ মুহূর্তে বাংলাদেশের অঞ্চলে অঞ্চলে, গ্রামে-গঞ্জে প্রতিবছর ৬৯ হাজার হেক্টর কৃষিজমি ধ্বংস হচ্ছে। পরিকল্পিত ব্যবস্থাপনা ছাড়া এই অবস্থা থেকে মুক্তির কোনো উপায় নেই। অথচ আমলাদের হাতে পরিচালিত রাজউক, গৃহায়ণ কর্তৃপক্ষ কিংবা বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে যে অল্পসংখ্যক পরিকল্পনাবিদ, স্থপতি আছেন তাঁদের কোনো মর্যাদা নেই।
সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বিআইপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার এম আনসার হোসেন। বিআইপির সভাপতি অধ্যাপক গোলাম রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি অধ্যাপক আবু সাঈদ এম আহমেদ, হ্যাবিটেট ফর হিউম্যানিটি বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর জন এ আমস্ট্রং প্রমুখ। পৃথিবীকে বাসযোগ্য করে গড়ে তুলতে পরিকল্পিত উন্নয়নের গুরুত্ব ও অপরিহার্যতা তুলে ধরার জন্য ১৯৪৯ সাল থেকে প্রতিবছর নভেম্বর মাসের প্রথম সপ্তাহে বিশ্ব নগর পরিকল্পনা দিবস পালিত হয়ে আসছে।