ছোটমণি নিবাসের বিষণ্ন শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অদ্ভুত এক শিশু আরিফ। এমন বিষণ্ন বাচ্চা কখনো আসেনি এই নিবাসে। সবাই যখন খেলাধুলায় মত্ত, তখন মনমরা হয়ে থাকে আরিফ। দুই মাস পেরিয়ে গেলেও দিনমান শুধু বাবা-মাকেই সে খুঁজছে। এতটাই ছোট সে, কখন, কীভাবে হারিয়ে গেল, কিছুই বলতে পারছে না।এক নিঃশ্বাসে কথাগুলো বলছিলেন লালবাগের ছোটমণি নিবাসের ‘খালাম্মা’ কাশেদা বেগম।নিবাসটির উপতত্ত্বাবধায়ক জানান, অভিভাবকের খোঁজ না পেয়ে আরিফকে বংশাল থানার পুলিশ গত ১০ আগস্ট সমাজসেবা অধিদপ্তর পরিচালিত আশ্রয়কেন্দ্রে রেখে যায়। তখন থেকেই সে এখানে। শুরুর দিকে ‘আম্মু আম্মু’ বলে শুধু কাঁদত, কিছুই খেতে চাইত না।বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমিরউদ্দীন আহমেদ প্রথম আলোকে জানান, গত ৩০ জুলাই সকাল নয়টায় বংশালের গোলাম মোস্তফা লেনে অভিভাবক ছাড়া একা ঘুরছিল আরিফ। নিজের নাম ছাড়া কিছুই বলতে পারছিল না সে। সেখান থেকে মো. মাহফুজ আলম নামের এক ব্যক্তি তাকে বংশাল থানায় নিয়ে আসেন। ঘটনার পরপরই ঢাকার সবকটি থানায় ওয়্যারলেসের মাধ্যমে খবর পৌঁছে দেওয়া হয়। কিন্তু হদিস মেলেনি আরিফের বাবা-মায়ের।৩০ অক্টোবর ছোটমণি নিবাসে আরিফের খোঁজ নিতে গিয়ে জানা গেল, সে ঘুমাচ্ছে। খানিক বাদে হলদেটে জামা আর নীল রঙের প্যান্ট পরে অফিস কক্ষে হাজির আরিফ। খুবই শান্ত চেহারার মনমরা এক শিশু; মুখে কথা সরে না। অনেক চেষ্টার পর আস্তে করে নামটা বলল। বলল, ‘বাবা-মায়ের কাছে যেতে চাই, ভাইকে দেখতে চাই।’এই ছোটমণি নিবাসে কী করে দিন কাটছে আরিফের; মা-বাবার কোল থেকে হঠাৎ-ই অন্য কোনো এক জগতে এসে? উত্তর দিতে পারে না আরিফ, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। এখন তার কাছে জীবন মানে ঘড়ি ধরে মেপে মেপে খাওয়া, একটা তালা দেওয়া ভবনের বারান্দায় বাচ্চাদের ছোটাছুটি দেখা। তারপর রাজ্যের সব প্রশ্ন মাথায় নিয়ে ঘুমোতে যাওয়া। কোথায় ছিল সে? কীভাবে হারিয়ে গেল? বাসার ঠিকানাটা কী? বাবা-মা-ভাই-বোন কোথায়? সে তো শুধু জানে, তার নাম আরিফ, তার বাবার নাম আনিস, পুলিশ মামা তাকে এখানে নিয়ে এসেছে। আর কিচ্ছু সে মনে করতে পারে না! তাহলে কি এভাবেই সব প্রশ্ন মাথায় নিয়ে তাকে কাটাতে হবে সামনের অনিশ্চিত দিনগুলো? কখনো কি সে ফিরে যেতে পারবে তার বাবা-মায়ের কাছে?