ছড়ার বইয়ের মোড়ক উন্মোচন
সাহিত্যের মাধ্যমে মুক্তিযুদ্ধ এবং দেশের ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক। গতকাল বৃহস্পতিবার বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরে কবি ও ছড়াকার আন্না পুনমের ছড়া হাসে ছড়া ভাসে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ।অনুষ্ঠানের প্রধান অতিথি কবি বেলাল চৌধুরী বলেন, জীবনের প্রতিটি অধ্যায় ছড়ার সঙ্গে জড়িত। মৃতপ্রায় মানুষকে জাগিয়ে তোলা যায় ছড়ার মাধ্যমে।সংবাদ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মুনীরুজ্জামান বলেন, বাংলা সাহিত্যের অনেক ছড়ার মধ্যেই বাঙালি সমাজ, চিন্তা-চেতনা, সংস্কৃতি-ঐতিহ্য ফুটে উঠেছে।ছড়াকার আন্না পুনম বলেন, ‘নতুন প্রজন্মকে ইতিহাস ও ঐতিহ্যসচেতন করার প্রয়াস থেকেই আমি এই ছড়াগুলো লিখেছি।’ ছড়ার বই সম্পর্কে বক্তব্য দেন মার্কিন সমাজকর্মী অ্যান্থনি কেসলি ও ডরিন কেসলি, কবি খোরশেদ বাহার, কবি শিহাব শাহরিয়ার, বইয়ের প্রকাশক মনি মহম্মদ প্রমুখ।