ছয় দিনে দুই শর বেশি ভবনে অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানমন্ডি ও লালমাটিয়া এলাকার মিরপুর রোডের পাশে আবাসিক প্লটে গড়ে ওঠা বেশ কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠানের বর্ধিত অংশ গতকাল সকালে ভে​ঙে দেয় রাজউক l ছবি: প্রথম আলো
ধানমন্ডি ও লালমাটিয়া এলাকার মিরপুর রোডের পাশে আবাসিক প্লটে গড়ে ওঠা বেশ কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠানের বর্ধিত অংশ গতকাল সকালে ভে​ঙে দেয় রাজউক l ছবি: প্রথম আলো

ভবনের বেসমেন্ট বা ভূতলের গাড়ি পার্কিংয়ের জায়গায় এবং ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য প্রথম পর্বের অভিযান শেষ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশে ১৮ জানুয়ারি থেকে রাজধানীর ধানমন্ডি, গুলশান ও উত্তরায় একযোগে এই অভিযান শুরু করে রাজউকের তিনটি বিশেষ দল। এ জন্য সাড়ে তিন হাজারের বেশি চিহ্নিত ভবনের মধ্যে ছয় দিনে দুই শর বেশি ভবনে অভিযান চালানো হয়। ৩১ জানুয়ারি থেকে দ্বিতীয় পর্বের অভিযান শুরু হবে।
অভিযান পরিচালনার সঙ্গে যুক্ত এ তিনটি এলাকার অথরাইজড অফিসাররা বলছেন, কয়েক দিনে যে পরিমাণ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, তার মধ্যে ভবনের গাড়ি ওঠানামার পথ বা র‌্যাম্পের সংখ্যাই বেশি।
ধানমন্ডি এলাকায় গতকাল সোমবার পরিচালিত অভিযান সম্পর্কে রাজউকের জোন-৫-এর অথরাইজড অফিসার এ জেড এম শফিউল হান্নান বলেন, এ দিন ১৫ নম্বর সড়কের একটি ভবনের সামনের অংশের জায়গা দখল করে বানানো ফু-ওয়াং শরমা নামের একটি খাবারের দোকানকে দুই লাখ টাকা জরিমানার পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে ওই স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। এ ছাড়া লালমাটিয়ার কয়েকটি ভবনের গাড়ি পার্কিংয়ের জায়গা দখল করে গড়ে ওঠা তিনটি হোটেল, একটি সেলুন, তিনটি পোশাকের শোরুম ও একটি গোডাউন উচ্ছেদ করা হয়।

গুলশানের উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হচ্ছে রাজউকের জোন-৪-এর অথরাইজড অফিসার মো. আদিলউজ্জামানের তত্ত্বাবধানে। তিনি বলেন, গুলশান ৮ থেকে ১৩ নম্বর সড়ক পর্যন্ত এই অভিযানে ১৫টি ভবনের র‌্যাম্প উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া সিটি করপোরেশন মার্কেটের পেছনে ১১ নম্বর সড়কের একটি আসবাবের শোরুমকে এক লাখ টাকা জরিমানা করে সেটি সরিয়ে নেওয়ার জন্য সাত দিন সময় দেওয়া হয় এবং ১২ নম্বর সড়কে একটি ফাস্টফুডের দোকান উচ্ছেদ করা হয়। উত্তরা ৪ নম্বর সেক্টরে মোট পাঁচটি ভবনের গাড়ি পার্কিংয়ের জায়গা থেকে বিভিন্ন দোকানসহ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়।