ছয় দিনেও কেউ ধরা পড়েনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যাকাণ্ডের ছয় দিন পেরিয়ে গেলেও ব্যাংকের নিরাপত্তাকর্মী জব্বার খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের কাউকেই পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। গত সোমবার গভীর রাতে খুন হন সোনালী ব্যাংক ফরাশগঞ্জ শাখার নিরাপত্তাকর্মী আবদুল জব্বার।সূত্রাপুর থানার অপারেশন কর্মকর্তা বি এম ফরমান আলী প্রথম আলোকে জানান, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে, দুর্বৃত্তরা ব্যাংকের টাকা-পয়সা লুট করতেই সোমবার গভীর রাতে সূত্রাপুরের সোনালী ব্যাংকের ফরাশগঞ্জ শাখায় ঢুকেছিল। বাধা পেয়ে তারা জব্বারকে হাতুড়ির আঘাতে খুন করে।তিনি জানান, খুনিরা ছিল ব্যাংকের নিরাপত্তাকর্মী জব্বারের পূর্বপরিচিত। কারণ, সোনালী ব্যাংকে ঢোকার তিনটি কলাপসিবল গেটই ছিল খোলা। লাশ উদ্ধারের সময় ঘটনাস্থলে শাড়ি ও ব্লাউজ পাওয়া যায়। এমনও হতে পারে, ডাকাতেরা কৌশলে জব্বারের পূর্বপরিচিত কোনো নারীকে ব্যাংকে ঢোকায়।গত মঙ্গলবার সোনালী ব্যাংকের ফরাশগঞ্জ শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান বাদী হয়ে অজ্ঞাত লোকজনকে আসামি করে সূত্রাপুর থানায় মামলা করেছেন। মামলাটি থানা পুলিশের পাশাপাশি মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে। তদন্তকারীরা জানান, খুনিদের গ্রেপ্তারে অভিযান চলছে। খুব শিগগির তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।গত মঙ্গলবার সকালে পুলিশ সোনালী ব্যাংকের ফরাশগঞ্জ শাখার মেঝে থেকে ওই ব্যাংকের নিরাপত্তাকর্মী আবদুল জব্বারের (৪৮) বিবস্ত্র ও রক্তাক্ত লাশ উদ্ধার করে। পাশ থেকে উদ্ধার করা হয় রক্তমাখা একটি হাতুড়ি। জব্বারের লাশের পাশে ছিল তাঁর কাপড়চোপড় এবং শাড়ি ও ব্লাউজ। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ব্যাংকের কিছু খোয়া যায়নি। অক্ষত ছিল ভল্টও।