আদালত চত্বরে এক আইনজীবীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, এ বিষয়ে কারণ দর্শাতে বলেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এ আদেশ দেন।আগামী ২৭ আগস্টের মধ্যে ছয় পুলিশকে কারণ দর্শাতে বলা হয়েছে। পুলিশ কর্মকর্তারা হলেন: লালবাগ অঞ্চলের সাবেক উপকমিশনার খোরশেদ আলম, অতিরিক্ত উপকমিশনার মারুফ হোসেন, সাবেক সহকারী কমিশনার রাজীব আল মাসুদ, কোতোয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান, ওই থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুল আলম ও উপপরিদর্শক (এসআই) মো. আজাদ।মামলার বাদী আইনজীবী হোসেন আলী খান এক দরখাস্ত দিয়ে আদালতকে বলেন, মামলা তুলে নিতে আসামিরা নানা ভয়-ভীতি দেখাচ্ছেন। আসামিরা পুলিশ কর্মকর্তা। ক্ষমতার অপব্যবহার করে তাঁর ক্ষতি করতে পারেন, তাই আসামিদের প্রতি নোটিশ ইস্যু করার আবেদন জানান।শুনানি শেষে আদালত কারণ দর্শানোর নোটিশ দেন। আইনজীবী খোরশেদ আলমসহ ২৫ জন আইনজীবী শুনানিতে অংশ নেন।গত ৪ জুন ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করেন হোসেন আলী খান। আদালত বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। গতকাল এ মামলা তদন্তে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল।মামলার আরজিতে বলা হয়, গত ১৬ মে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৩ জন নেতা ঢাকার মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আইনজীবী হোসেন আলী খান ওই জামিন শুনানিতে অংশ নেন। শুনানি শেষে এজলাস থেকে বের হওয়ার পর আসামিরা বাদীকে এলোপাতাড়ি লাঠি দিয়ে পেটান।এর আগে গত ২৯ মে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতসংলগ্ন পুলিশ ক্লাবে নারী নির্যাতন ও সাংবাদিক-আইনজীবীদের নির্যাতনের ঘটনায় পরদিন আসামিদের মধ্যে সহকারী কমিশনার রাজীব আল মাসুদ ও সালাউদ্দিন খানকে সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রত্যাহার করা হয়।