ছয় মাস ধরে নিখোঁজ চার ব্যক্তি একজনের মুঠোফোন খোলা
ছয় মাস ধরে নিখোঁজ আবুল বাশার শেখ। তবে কয়েক দিন ধরে তাঁর মুঠোফোনটি খোলা পাচ্ছেন স্বজনেরা। বিষয়টি তাঁরা পুলিশকে জানিয়েছেন। তবে পুলিশ কোনো তৎপরতা দেখায়নি বলে অভিযোগ উঠেছে।গত বছরের ৮ ডিসেম্বর একসঙ্গে নিখোঁজ হন কালাম শেখ (৪০), তাঁর মামাতো ভাই আবুল বাশার শেখ (৩২) ও আবদুর রহিম (৪০) এবং আতাউর রহমান ওরফে ইস্রাফিল (৩৮)। তাঁরা চারজনই একসঙ্গে পুরোনো কাপড়ের ব্যবসা করতেন বলে জানিয়েছেন স্বজনেরা। আতাউর রহমান রাজধানীর যাত্রাবাড়ী এবং অন্য তিনজন মিরপুরে থাকতেন। তাঁদের মধ্যে কালাম শেখ কাপড় কিনে আনতেন। বাকি তিনজন মিরপুরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সেগুলো বিক্রি করতেন।পারিবারিক সূত্র জানায়, গত বছরের ৮ ডিসেম্বর সকালে চারজনই কাপড় বিক্রির উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন। এর পর থেকেই তাঁরা নিখোঁজ রয়েছেন। নিখোঁজ চারজনের মধ্যে আবদুর রহিম ছাড়া বাকি তিনজনের গ্রামের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নে।নিখোঁজ কালাম শেখের ছেলে আল আমিন প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার সকাল থেকে তাঁরা আবুল বাশারের মুঠোফোন কল করলে ফোনটি খোলা পান। একজন নারী ফোনটি ধরে বলেন, এটি তাঁর ছেলের নম্বর। পরে ওই নারীর ছেলে পরিচয় দিয়ে একজন অন্য একটি নম্বর থেকে আল আমিনের মুঠোফোনে ফোন করে জানতে চান, কেন তাঁর মুঠোফোন নম্বর সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। ছেলেটি নিজেকে কলেজপড়ুয়া হিসেবে পরিচয় দেন, তবে নাম বলেননি।প্রথম আলোর পক্ষ থেকে ওই নম্বরে ফোন করা হলে ওই ব্যক্তি বলেন, ফোনের সিমকার্ডটি (আবুল বাশারের ব্যবহূত নম্বর) তাঁকে তাঁর এক বন্ধু দিয়েছে। তিনি মাঝেমধ্যে খোলেন, আবার বন্ধ করে রাখেন। ওই ব্যক্তি ফোনে তিনি নিজের পরিচয় প্রকাশ করেননি।আবুল বাশার নিখোঁজ হওয়ার ঘটনায় তাঁর ভাই রাজ্জাক শেখ পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন গত ডিসেম্বরে। জানতে চাইলে জিডির তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মাইনুল কবীর প্রথম আলোকে বলেন, বাশারের ফোন খোলা থাকার বিষয়টি তিনি শুনেছেন। তবে বিষয়টি এখনো খতিয়ে দেখেননি তিনি। এ ব্যাপারে তদন্তের জন্য তিনি নিখোঁজ বাশারের পরিবারের কাছে জিডির অনুলিপি চেয়েছেন বলে জানান।