ছয় মাসেও চিকিৎসক কাজী সাবিরা রহমান হত্যাকাণ্ডের কোনো কিনারা করতে পারেনি পুলিশ। মামলার তদন্ত নিয়ে তারা অন্ধকারে হাতড়াচ্ছে। তবে সাবিরার পরিবার চায়, আরও সময় লাগলেও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হোক।
গত ৩০ মে সকালে রাজধানীর কলাবাগান প্রথম লেনের তৃতীয় তলার ফ্ল্যাটের শোবার ঘর থেকে চিকিৎসক কাজী সাবিরা রহমান ওরফে লিপির রক্তাক্ত ও দগ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। সাবিরার গলা কাটা, পিঠে ধারালো অস্ত্রের আঘাত ও পোড়া ছিল। তিনি রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালের কনসালট্যান্ট (সনোলজিস্ট) ছিলেন।
পুলিশ কর্মকর্তারা জানান, সাবিরা যে ফ্ল্যাটে থাকতেন, সেটিতে তিনটি কক্ষ। একটি কক্ষে সাবিরা, বাকি দুটি কক্ষে দুই তরুণী থাকতেন। সাবিরার পাশের কক্ষে থাকা কানিজ সুবর্ণা মডেলিং করেন। আরেকটি কক্ষে যে তরুণী থাকেন, তিনি ঈদুল ফিতরের আগে বাড়িতে গিয়ে আর ফেরেননি। ওই তরুণী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসনে (বিবিএ) পড়েন।
কলাবাগান থানায় হওয়া হত্যা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে। প্রথম থেকে মামলাটি কলাবাগান থানার পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) ছায়া তদন্ত করে। তারা কানিজ সুবর্ণা, বাড়ির তত্ত্বাবধায়ক ও গৃহকর্মী, ভবনের বাসিন্দা ও সাবিরার সহকর্মী স্বজনসহ অনেককে জিজ্ঞাসাবাদ করে।
মামলার তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৩০ মে সকাল ১০টার দিকে বা তার আগে সাবিরার কাছে কে কে এসেছিলেন, বাসার বাইরে থাকায় তা কানিজ দেখেননি বলে পুলিশের জিজ্ঞাসাবাদে দাবি করেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কানিজ চিকিৎসক সাবিরার ভাড়া বাসায় সাবলেটে ওঠেন। সুবর্ণার দাবি, ঘটনার দিন সকাল ছয়টায় তিনি (সুবর্ণা) প্রাতর্ভ্রমণে যান। তখন সাবিরার কক্ষের দরজা বন্ধ ছিল। সকাল সাড়ে নয়টায় ফিরে এসে তিনি ওই কক্ষ থেকে ধোঁয়া বেরোতে দেখেন। তখন তিনি দারোয়ানকে ডেকে আনেন। দারোয়ান ডেকে আনেন আরেক নারীকে। পরে মিস্ত্রি ডেকে এনে দরজার তালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন তাঁরা। তখন কক্ষটিতে আগুন দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে জানালে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর পর সাবিরাকে বিছানার ওপর উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। আগুন নিভিয়ে একটি চাদর দিয়ে দেহটি তাঁরা ঢেকে দেন। পরে পুলিশ এসে সাবিরার লাশ উদ্ধার করে।
তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলেন, সাবিরা যে বাড়িতে ভাড়া থাকতেন, ওই বাড়িতে কেউ এলে তা নিবন্ধন করার ব্যবস্থা ছিল না। সাবিরাকে হত্যা করে খুনিরা চলে গেলেও দরজা ভাঙার আলামত নেই। তাঁকে গায়ে আগুন ধরিয়েও দেওয়া হয়নি। তোশকে ধরে যাওয়া আগুনে তিনি দগ্ধ হন। এ ছাড়া সাবিরা যে বাড়িতে ভাড়া থাকতেন, সেই বাড়ির সামনে সিসি ক্যামেরা ছিল না।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা পিবিআই ঢাকা মেট্রো উত্তরের পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম গত শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, সাবিরা যে বাড়িতে ভাড়া থাকতেন, সেই বাড়ির তত্ত্বাবধায়ক ও গৃহকর্মী, ভবনের বাসিন্দা ও সাবিরার সহকর্মী স্বজন, পরিচিত জনসহ হত্যাকাণ্ডের আগে-পরে তাঁর মুঠোফোনের কল তালিকাসহ অর্ধশতাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখন পর্যন্ত হত্যায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। তবে কানিজ সুবর্ণা পিবিআইয়ের সন্দেহের বাইরে নন। সাবিরার জব্দ করা মুঠোফোনটির ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন, ময়নাতদন্তের প্রতিবেদন, ডিএনএ ও ফায়ার সার্ভিসের প্রতিবেদন হাতে এসেছে। সন্দেহভাজন পাওয়া গেলে তাঁর সঙ্গে সাবিরার ডিএনএ আলামতের মিল পাওয়া গেলে খুনি শনাক্ত করা যাবে।