ছয় লাখ টাকা ছিনতাই
আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়সংলগ্ন এলাকা থেকে আসাদুজ্জামান নামে এক ব্যক্তির ছয় লাখ ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। গতকাল সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।আসাদুজ্জামান মুঠোফোনে প্রথম আলোকে জানান, তিনি ‘সানওয়ে ওভারসিজ অ্যাডমিশন কনসাল্টেন্ট’ নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। তাঁর অফিস ধানমন্ডির ৩-এর এ নম্বর সড়কের আওয়ামী লীগ কার্যালয়ের পাশের ৫৩ নম্বর বাড়ির চতুর্থ তলায়। গতকাল বেলা ১১টার দিকে তিনি ধানমন্ডির ব্র্যাক ব্যাংক সাতমসজিদ শাখা থেকে ছয় লাখ টাকা তোলেন। পরে রিকশায় চড়ে অফিসের নিচে এসে ইত্যাদি জেনারেল স্টোর থেকে খাবার কিনছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে চারজন যুবক এসে তাঁর ব্যাগসহ ছয় লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ছিনতাইকারীরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।ধানমন্ডি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুব্রত কুমার রায় জানান, আসাদুজ্জামান এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।