ছয় লাশের পরিচয় মেলেনি, এক লাশের দুই দাবিদার নিয়ে জটিলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার নিমতলীতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ছয়জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। মিটফোর্ড হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজের হিমঘরে পড়ে আছে তাদের মৃতদেহ। এদিকে অগ্নিকাণ্ডে নিহত এক বাখরখানি কারখানার শ্রমিকের দুজন দাবিদার নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে।ঢাকা জেলা প্রশাসক মহিবুল হক প্রথম আলোকে বলেন, পরিচয় না পাওয়ায় লাশের ব্যাপারে হাসপাতাল ও কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। তিনি জানান, অজ্ঞাত পরিচয়ের লাশগুলো নিয়ে তাঁরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন।এ ব্যাপারে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক তেজেন্দ্র চন্দ্র দাস প্রথম আলোকে বলেন, লাশগুলোর ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখার ব্যাপারে কলেজ অধ্যক্ষের সঙ্গে তিনি আলোচনা করেছেন। লাশগুলো কী করা হবে, সে ব্যাপারে অধ্যক্ষের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে বলে তিনি জানান।স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ এম এ আজহার প্রথম আলোকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া লাশগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।এদিকে নিমতলীর ৫৫ নম্বর নবাব কাটরায় বাখরখানির দোকানে গাজীউর রহমানের লাশ ৪ জুন তাঁর বড় ভাই ফারুখ মিটফোর্ড হাসপাতাল থেকে নিয়ে যান। এখন গাজীউরের স্ত্রী মাঞ্জু বেগমও ওই লাশের দাবি করছেন। এ নিয়ে গতকাল নবাব কাটরায় সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। সালিস ডাকেন ৬৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মোহন।কাউন্সিলর মোহাম্মদ মোহন বলেন, যদি গাজীউরের সন্তান থাকত, তাহলে ক্ষতিপূরণ ও গাজীউরের সম্পত্তির সবই স্ত্রী পেতেন। কিন্তু যেহেতু সন্তান নেই, তাই স্ত্রী ও মা দুজনই ক্ষতিপূরণ পাবেন। সালিসে এ প্রস্তাবই করা হয়েছে।