ছয় হাজার কর্নিয়া প্রতিস্থাপন করবে চার প্রতিষ্ঠান
দেশে কর্নিয়াজনিত দৃষ্টিপ্রতিবন্ধীর সংখ্যা পাঁচ লাখ। এই সংখ্যা দিন দিন বাড়ছে। নতুন করে প্রতিবছর প্রায় তিন হাজার মানুষ কর্নিয়াজনিত কারণে দৃষ্টি প্রতিবন্ধী হচ্ছে। সন্ধানীসহ চারটি প্রতিষ্ঠান দুই বছরে ছয় হাজার দৃষ্টি প্রতিবন্ধীর চোখে কর্নিয়া প্রতিস্থাপন কর্মসূচি হাতে নিয়েছে।
গতকাল বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ মিলন হলে আয়োজিত ‘চক্ষু ব্যাংক ও কর্নিয়া প্রতিস্থাপন’ শীর্ষক সিম্পোজিয়ামে চক্ষু বিশেষজ্ঞরা এ কথা বলেন। সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি, রোটারি ক্লাব ইন্টারন্যাশনাল, ফেডারেশন অব আই অ্যান্ড টিসু ব্যাংকস, টিস্যু ব্যাংকস ইন্টারন্যাশনাল যৌথভাবে এই সিম্পোজিয়ামের আয়োজন করে।
এতে বলা হয়, কৃষিকাজের সময় বহু মানুষ চোখে আঘাত পায়। কর্নিয়াজনিত দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার অন্যতম কারণ কৃষিকাজ।
সিম্পোজিয়াম আয়োজনকারী চারটি প্রতিষ্ঠান কর্নিয়াজনিত দৃষ্টি প্রতিবন্ধিতা কমানোর জন্য কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচির আওতায় আগামী দুই বছরে ৮০০ মেডিকেল শিক্ষার্থী, তরুণ চিকিৎসক, রোটারিয়ান ও স্বেচ্ছাসেবকদের কর্নিয়া সংগ্রহের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এই দুই বছরে ছয় হাজার কর্নিয়া প্রতিস্থাপন করার পরিকল্পনাও তাদের আছে।
অনুষ্ঠানে বিএসএমএমইউয়ের উপাচার্য কামরুল হাসান খান, উপ-উপাচার্য (প্রশাসন) মো. শারফুদ্দিন আহমেদ, রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট গভর্নর এসএএম শওকত হোসেন প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে জানানো হয়, সন্ধানী এ পর্যন্ত ৩ হাজার ২৫০ জন দৃষ্টিপ্রতিবন্ধীর চোখে কর্নিয়া প্রতিস্থাপন করে দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। অন্যদিকে, ৪০ হাজার মানুষ মরণোত্তর চক্ষুদানে অঙ্গীকার করেছে। বিজ্ঞপ্তি।