ছয়জনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক ঘটনায় শিশুসহ ছয়জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার ও গত শনিবার রাতে পাঁচজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া ঢাকায় মারা যাওয়া এক গৃহকর্মীর লাশ মুন্সিগঞ্জ থেকে উদ্ধার করা হয়।পুলিশ জানায়, গতকাল দুপুরে রাজধানীর গোড়ানে পানিভর্তি বালতিতে পড়ে আড়াই বছরের শিশু মৃদুল হোসেন জিসানের মৃত্যু হয়েছে। দক্ষিণ রাজারবাগ থেকে শারমীন আক্তার রীতা (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে কারওয়ান বাজারে ট্রাকের ডালা মাথায় লেগে মো. সুজন (২৫) নামের এক পরিবহনকর্মীর মৃত্যু হয়েছে। শনিবার রাতে কামরাঙ্গীরচরে ঝড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে তোতা মিয়া (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ছাড়া কামরাঙ্গীরচরের রসুলপুরে সাদিয়া আক্তার (২১) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার হয়েছে। তাঁর পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে তাঁকে হত্যা করা হয়। ফ্রি স্কুল স্ট্রিটে জিতু (১৫) নামের এক গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।শিশুর মৃত্যু: গতকাল বেলা সোয়া একটার দিকে বালতিতে পড়ে মারা যায় শিশু মৃদুল। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মৃদুলের স্বজনেরা জানান, তার বাবার নাম দেলোয়ার হোসেন, মা মুক্তি বেগম। তাদের বাসা গোড়ানের ভুইয়াপাড়ায়। মা মুক্তি বেগম চুলায় রান্না চড়িয়ে বাইরে কাপড় শুকাতে গিয়েছিলেন। এরই মধ্যে গোসলখানার দরজা খোলা পেয়ে ঢুকে পড়ে মৃদুল। এক পর্যায়ে উপুড় হয়ে পড়ে যায় বালতির ভেতরে। পরে মা তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।গৃহবধূর লাশ উদ্ধার: গতকাল দুপুরে দক্ষিণ রাজারবাগ থেকে শারমীন আক্তার রীতার লাশ উদ্ধার করে পুলিশ। রীতার স্বামীর নাম আবদুল আজিজ। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ভ্যানের ওপর থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। সবুজবাগ থানার উপপরিদর্শক মোক্তার হোসেন জানান, গতকাল সকালে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন শারমীন। এরপর স্বজনেরা উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।পরিবহনকর্মীর মৃত্যু: গতকাল সকালে রাজধানীর কারওয়ান বাজারে মাছের আড়তে ট্রাকের ডালা মাথায় লেগে ওই ট্রাকেরই সহকারী সুজন গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। সুজনের বাড়ি বাগেরহাটের ফকিরহাটে। তাঁর বাবার নাম সোলায়মান শেখ।গৃহবধূর মৃত্যু, অভিযোগ: রাজধানীর কামরাঙ্গীরচরের একটি বাসা থেকে পুলিশ গত শনিবার রাতে সাদিয়া আক্তার নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। পরিবারের অভিযোগ, যৌতুকের কারণে স্বামী খলিল আহমেদ সাদিয়াকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাত আটটার দিকে পুলিশ কামরাঙ্গীরচর পূর্ব রসুলপুরের ৩ নম্বর গলির আবু সাঈদের বাড়ির একটি কক্ষের খাটের ওপর থেকে সাদিয়ার লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। মৃত সাদিয়ার বাবা ফল বিক্রেতা মোহাম্মদ হানিফ জানান, গত শনিবার রাতে লোকমুখে সাদিয়ার মৃত্যুর খবর পেয়ে তিনি কামরাঙ্গীরচরের বাসায় ছুটে যান। সেখানে খাটের ওপর সাদিয়াকে শায়িত অবস্থায় দেখেন। তিনি বলেন, দুই বছর আগে ভাসমান কাপড় বিক্রেতা খলিলের সঙ্গে সাদিয়ার বিয়ে হয়। সম্প্রতি খলিল যৌতুকের জন্য সাদিয়াকে চাপ দিয়ে আসছিলেন। দাবিকৃত টাকা না দেওয়ায় সাদিয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, গলায় ফাঁস লাগিয়ে সাদিয়া আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। মৃত সাদিয়ার গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বাহেরচর গ্রামে। বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু: একই থানায় বৈদ্যুতিক তারে জড়িয়ে তোতা মিয়া নামের এক যুবক মারা গেছেন। এদিকে গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ কামরাঙ্গীরচরের খলিফাঘাট এলাকার রাস্তা থেকে তোতা মিয়ার লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। জানা গেছে, ঝড়ে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান তোতা মিয়া। তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের গৌরীপুরে। এ ব্যাপারে কামরাঙ্গীরচর থানায় একটি মামলা হয়েছে।গৃহকর্মীর মৃত্যু: রাজধানীর কলাবাগান থানাধীন ফ্রি স্কুল স্ট্রিটের একটি বাসায় জিতু নামের এক গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। কলাবাগান থানার পুলিশ জানায়, শনিবার সকালে তারা খবর পায় ১/১ ফ্রি স্কুল স্ট্রিটের তমিজউদ্দীনের বাসায় এক গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে শনিবার পুলিশ যাওয়ার আগেই লাশ তড়িঘড়ি করে গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে পাঠিয়ে দেয় বাড়ির লোকজন। মুন্সিগঞ্জের পুলিশ নিহতের লাশ দেখে সন্দেহ হলে ময়নাতদন্তের ব্যবস্থা করে। মুন্সিগঞ্জ থানা থেকে জানানো হয়েছে, নিহতের বাবার নাম জাহের আলী। তার গ্রামের বাড়ি সদরের রামগোপালপুরে। তমিজউদ্দিনের বাড়িও একই গ্রামে। শনিবার তার লাশ দাফনের জন্য গ্রামের বাড়িতে আনা হয়। এরপর গলায় কালো দাগ দেখে সন্দেহ হলে স্থানীয় লোকজন পুলিশকে জানায়। মেয়েটির লাশ গতকাল রাতে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ছিল।