ছয়জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে গত দুই দিনে ছয়জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে সড়ক দুর্ঘটনায় দুজন ও ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।গত মঙ্গলবার সকালে ধানমন্ডিতে রোগ নির্ণয় কেন্দ্র পপুলার ডায়াগনস্টিক সেন্টারে মেয়ের চিকিৎসা করাতে এসে ওই প্রতিষ্ঠানেরই অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত হয়েছেন নাসিমা ইয়াসমিন (৪০) নামের এক নারী। ধানমন্ডি থানার পুলিশ জানায়, সকালে পপুলারের একটি অ্যাম্বুলেন্স পেছাতে গিয়ে নাসিমাকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে মারা যান। তাঁর বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কাঞ্চনপাড়া গ্রামে। তাঁর স্বামী আনোয়ার হোসেন পল্লিচিকিৎসক।মঙ্গলবার বিকেলে পল্লবীতে রাস্তা পারাপারের সময় হিউম্যান হলার চাপায় নিহত হয়েছেন হামিদুল ইসলাম হিরা (২০) নামের এক তরুণ। পল্লবী থানার পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে পল্লবী মূল সড়কে কৃষি অধিদপ্তরের সামনে রাস্তা পারাপারের সময় গ্রামীণ পরিবহনের একটি হিউম্যান হলার তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহতের বাবার নাম নূর ইসলাম। পল্লবীর আদর্শ নগর এলাকায় থাকতেন তিনি।গতকাল বুধবার দুপুরে ও গত মঙ্গলবার সন্ধ্যায় ট্রেনের ধাক্কায় রাজধানীতে দুজনের মৃত্যু হয়েছে। রেল পুলিশ (জিআরপি) জানায়, গতকাল দুপুরে মগবাজার রেল ক্রসিংয়ের অদূরে দুই ট্রেনের মাঝে পড়ে এক নারীর (৩০) মৃত্যু হয়। সন্ধ্যা পর্যন্ত তাঁর পরিচয় পাওয়া যায়নি।জিআরপির উপপরিদর্শক আলমগীর হোসেন বলেন, গতকাল দুপুরে কমলাপুর থেকে একটি ট্রেন বিমানবন্দরের দিকে যাচ্ছিল এবং আরেকটি ট্রেন কমলাপুরে ঢুকছিল। এ সময় এক নারী দুই ট্রেনের মাঝে পড়ে যান। তিনি একটি ট্রেনের ধাক্কায় আহত হলে তাঁকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তাঁর পরনে ছিল সালোয়ার-কামিজ।এ ছাড়া মঙ্গলবার সন্ধ্যায় খিলক্ষেত এলাকায় গাজীপুরগামী একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক তরুণের (২৩) মৃত্যু হয়েছে। তাঁর পরনে ছিল টিশার্ট ও জিনসের প্যান্ট।তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় নির্মাণাধীন ছয়তলা ভবন থেকে পড়ে হাবিবুর রহমান (৪৮) নামের এক ঠিকাদার নিহত হয়েছেন। তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ জানায়, তেজগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে হাসপাতালেরই একটি নির্মাণাধীন ভবনের ছয়তলার ওপর থেকে লিফটের জন্য নির্ধারিত ফোকর দিয়ে তিনি নিচে পড়ে মারা যান। তিনি ওই ভবন নির্মাণে চুক্তিভিত্তিক ঠিকাদার (সাবকন্ট্রাক্টর) ছিলেন।মঙ্গলবার কাফরুল থানাধীন উত্তর ইব্রাহিমপুর থেকে জাহানারা বেগম (৩০) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘরের ভেতরের লোহার সঙ্গে প্লাস্টিকের দড়ি দিয়ে লাশটি ঝুলছিল। দরজা ভেঙে লাশটি উদ্ধার করা হয়। তাঁর স্বামীর নাম রেজাউল করিম। গ্রামের বাড়ি পাবনার সুজানগরে।