ছয়জনের বিরুদ্ধে মামলার অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর আওতাধীন স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সেক্টর কর্মসূচির আওতায় বিষয়ভিত্তিক জারিগানের মাধ্যমে নাগরিকদের মধ্যে সচেতনতামূলক কর্মসূচির নামে ভুয়া বিল দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানের লাইন পরিচালকসহ ছয়জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।৪ ফেব্রুয়ারি এ মামলার অনুমোদন দেয় দুদক কর্তৃপক্ষ। দুদকের সহকারী পরিচালক রেবা হালদার অনুসন্ধান শেষে প্রতিবেদন জমা দিলে কমিশন এই মামলার অনুমোদন দেয়।এতে আসামি হচ্ছেন: লাইন পরিচালক মো. আনোয়ারুল ইসলাম, মিডিয়া উন্নয়ন কর্মকর্তা আবু হানিফা, সহকারী প্রধান (প্রশিক্ষণ ও প্রশাসন) মো. মতিয়ার রহমান, সহকারী প্রধান মো. শরিফুল ইসলাম, হিসাবরক্ষক মো. নজরুল ইসলাম এবং নাসরিন ট্রেডিং করপোরেশনের স্বত্বাধিকারী (ঠিকাদার) মাহমুদুর রহমান ওসমানী। অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সেক্টর কর্মসূচির আওতায় কোটেশন-সংক্রান্ত বিজ্ঞাপন ও প্রচার উপখাতে বিভিন্ন বিষয়ে জারিগানের মাধ্যমে নাগরিকদের মাঝে সচেতনতা সৃষ্টির ক্যাম্পেইন/সভা কাজের জন্য নাসরিন ট্রেডিং করপোরেশন কাজ পায়। কিন্তু বাস্তবে বিজ্ঞপ্তি, কার্যাদেশ ও চুক্তি মোতাবেক কোনো কাজ সম্পাদন না করেই আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে মোট ১১ লাখ ২১ হাজার টাকা আত্মসাৎ করেন।