ছয়টি খাল উদ্ধারে শিগগিরই অভিযান
রাজধানী ও এর আশপাশের ছয়টি খাল উদ্ধারের কার্যক্রম আগামী মাসের মধ্যে শুরুর নির্দেশ দিয়েছে নদীর নাব্যতা রক্ষাসংক্রান্ত জাতীয় টাস্কফোর্স। খালগুলো হচ্ছে কাটাসুর, কল্যাণপুর-ক, কল্যাণপুর-গ, শ্যামপুর, রামচন্দ্রপুর ও হাজারীবাগ।গতকাল বুধবার সচিবালয়ে টাস্কফোর্সের প্রধান নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, খালগুলো উদ্ধারের পর এর দুই পাশে হাঁটার রাস্তা নির্মাণ করা হবে। এগুলো যেন পুনরায় দখল না হয়, তা পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হবে স্থানীয় থানার ভরপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি)। এতে তাঁরা ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, সংশ্লিষ্ট জেলা প্রশাসকেরা খালের সীমানা মানচিত্র সংগ্রহ করেছেন।মন্ত্রী বলেন, রাজধানীর ১৩৮টি স্থান দিয়ে বর্জ্য নদীগুলোতে পড়ছে। ওয়াসাকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও ঢাকা সিটি করপোরেশনের সহায়তায় চিহ্নিত স্থানগুলো বন্ধ করারও নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় নদীরক্ষা কমিশন হবে জানিয়ে মন্ত্রী আরও বলেন, নভেম্বরের মধ্যে এসব নদীর সীমানা পুনর্নির্ধারণে পিলার তৈরির কাজ শুরু হবে।প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির বলেন, ‘সুতিভোলা খালসহ বেশ কয়েকটি খাল ইতিমধ্যে উদ্ধার করেছি। আশা করছি, এই ছয়টি খাল উদ্ধারের ক্ষেত্রেও আমরা সফল হব। খাল দখলকারী যে দলেরই হোক, তিনি রেহাই পাবেন না।’প্রতিমন্ত্রী আরও বলেন, ‘যাঁরা খাল দখল করেছেন, তাঁরা নিজেরাই জানেন। আমরা বলতে চাই, তাঁরা যেন অক্টোবরের মধ্যে নিজেদের স্থাপনা সরিয়ে নেন।’এর আগে গত ৩ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কাটাসুর খাল, রামচন্দ্রপুর খাল ও রায়েরবাজার খাল পরিদর্শনে গিয়ে টাস্কফোর্সের সদস্যরা সেগুলোর দুরবস্থা প্রত্যক্ষ করেন। ওই সময় টাস্কফোর্স স্থির করে, রাজধানীর ৪৩টি খালের বিষয়ে পর্যায়ক্রমে কাজ করা যাবে। যেগুলোর অস্তিত্ব রয়েছে এবং দখল হয়ে গেছে, সেগুলো দখলমুক্ত করা হবে। রমজান মাস শুরুর পর বিভিন্ন খালের ওপর জরিপকাজ চলে। প্রসঙ্গত, প্রতিবছরই দফায় দফায় অভিযান চালানো হয় ঢাকার খালগুলোয়, কিন্তু আবারও দখল হয়ে যায়। অভিযোগ রয়েছে, বিভিন্ন সময়ে খালের দখলদারদের বিরুদ্ধে অভিযানে বেশির ভাগ ক্ষেত্রেই শুধু বস্তি, টংঘর আর দুর্বল দখলদারদের স্থাপনা অপসারণ করা হয়। দখল হয়ে যাওয়া খালগুলোর মধ্যে বারবার উচ্ছেদ হয়েছে কল্যাণপুর প্রধান খাল এবং আগারগাঁও, শ্যামলী, কল্যাণপুর ব্রিজ ও বাংলা কলেজ অংশ। এ ছাড়া রয়েছে কাটাসুর খাল, গুলশান-বনানী খালের ক্রসিং ও মাছ চাষের বাঁধ এলাকা, জনপথ থেকে মান্ডা ব্রিজ পর্যন্ত সেগুনবাগিচা খাল, পুরোনো বিমানবন্দর রানওয়ের উত্তর পাশ থেকে কচুক্ষেত সড়ক পর্যন্ত ইব্রাহীমপুর খাল, প্রগতি সরণি থেকে সুতিটোলা পর্যন্ত শাহজাহানপুর খাল, মান্ডা ও খিলগাঁও-বাসাবো খালের সংযোগস্থল থেকে নন্দীপাড়া সেতু পর্যন্ত জিরানী খাল এবং খিলগাঁও ফ্লাইওভার থেকে পূর্ব বাসাবো হয়ে মান্ডা খালের সংযোগ সড়ক পর্যন্ত খিলগাঁও-বাসাবো খাল। টঙ্গী ডাইভারশন সড়কে রেলওয়ে কালভার্ট থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত বেগুনবাড়ি খালেও বারবার অভিযান হয়েছে।স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সেবা সংস্থার দায়িত্বশীল সূত্রমতে, বিভিন্ন সময়ে খাল উদ্ধারে অভিযান চালানোর পর কোনো তদারকি না করায় আবার সেগুলো দখল হয়ে যায়।